মুক্তিযোদ্ধা দলের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
ছবি: জাতীয় অর্থনীতি

নিজস্ব প্রতিনিধি: দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে কেন্দ্র করে একটি প্রতিবেশী দেশ বাংলাদেশে এই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং তারা অনেক ঘাতককে আশ্রয় দিয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহুল কবির রিজভী।

সমাবেশে বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, বিগত আওয়ামী শাসনামলে দেশে অসংখ্য হত্যাকাণ্ড চালানো হয়েছে। অবিলম্বে এসব অপরাধের বিচার করার জোর দাবি জানান তিনি। একইসঙ্গে অন্য অপরাধীদের মতোই শেখ হাসিনাকে বাংলাদেশে বিচারের মুখোমুখি করার জন্য দেশের সরকারের হাতে হস্তান্তর করাই ওই দেশটির উচিত হবে বলে মন্তব্য করেন তিনি।

সমাবেশে বীর মুক্তিযোদ্ধা দল ও বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীসহ বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।  

 

—জা. অর্থনীতি/এলএটি