যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ফুলসারা ইউনিয়নের ঢালীপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- চৌগাছা উপজেলার কাশেমপুর ইউনিয়নের রয়লাপুর গ্রামের আসাদুজ্জামান শান্তর ছেলে মাহমুদুল হাসান (২) এবং ফুলসারা (ঢালীপাড়া) গ্রামের আরিফ হোসেনের ছেলে আবু হুরাইরা (২)। নিহতেরা সম্পর্কে একে অপরের মামাতো-ফুফাতো ভাই বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে দুই শিশু বাড়ির উঠান ও আশপাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অলক্ষ্যে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে প্রথমে মাহমুদুল হাসানকে এবং পরবর্তীতে আবু হুরাইরাকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন স্বজনেরা।
উদ্ধারের পর অচেতন অবস্থায় দুই শিশুকে দ্রুত চৌগাছা শহরের ডা. আনিসুজ্জামান হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের উভয়কে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চৌগাছা থানা-পুলিশ জানিয়েছে, পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় চৌগাছা থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি