নেত্রকোণায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

জাতীয় অর্থনীতি সারাবাংলা: নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় খেলাধুলার সময় পুকুরের পানিতে ডুবে দুই কন্যাশিশুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুরে উলুকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো, বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের উলুকান্দা গ্রামের আল মামুন মিয়ার মেয়ে জান্নাতুল (৮) এবং একই গ্রামের ফারুক মিয়ার মেয়ে মিহি আক্তার (৭)। তারা দুজনই স্থানীয় একটি মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে জান্নাতুল ও মিহি একসঙ্গে বাড়ির আঙিনায় খেলছিল। সেসময় পরিবারের সদস্যরা ঘরের নানা কাজে ব্যস্ত ছিলেন। দীর্ঘক্ষণ শিশুদের কোনো সাড়াশব্দ না পেয়ে তাদের স্বজনেরা খোঁজখবর নেওয়া শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে তাদের অচেতন অবস্থায় ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হয়।

অচেত অবস্থায় শিশুদের মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা আপত্তি না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

—জা.অর্থনীতি/আরএস