স্পোর্টস ডেস্ক: সোবহানা মোস্তারির রেকর্ড গড়া ঐতিহাসিক সেঞ্চুরির পরও রক্ষা হলো না বাংলাদেশের। অ্যালান বোর্ডার ফিল্ডে ব্রিসবেনের মাটিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়া নারী দলের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতিরা। এই পরাজয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ২-০ ব্যবধানে নিশ্চিত করল স্বাগতিক অজিরা।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে সফরকারীরা। মাত্র ৮ রানেই সাজঘরে ফেরেন শীর্ষ ৩ ব্যাটার। তবে চতুর্থ উইকেটে অধিনায়ক নিগার সুলতানা (৫০) ও সোবহানা মোস্তারির ১৯৫ রানের রেকর্ড জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সোবহানা ১২৮ বলে ১১৪ রানের এক দুর্দান্ত ইনিংস উপহার দেন, যা অস্ট্রেলিয়ার মাটিতে যেকোনো বাংলাদেশি ব্যাটারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। তাদের লড়াইয়ে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২২০ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ।
তবে ২২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অজি দুই ওপেনার ফোবে লিচফিল্ড (৭০) ও জর্জিয়া ভোল ১৬২ রানের চোখধাঁধানো উদ্বোধনী জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ সম্পূর্ণ নিজেদের করে নেন। স্বর্ণা আক্তার লিচফিল্ডকে ফিরিয়ে একমাত্র সাফল্য আনলেও জয় আটকাতে পারেনি বাংলাদেশ।
জর্জিয়া ভোলের অবিচল অপরাজিত সেঞ্চুরি (১৩১) এবং এলিস পেরির (১৯) দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৩১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
বাংলাদেশি বোলারদের সুযোগ মিস ও অজি ব্যাটারদের বিধ্বংসী রূপই মূলত ম্যাচ এবং সিরিজ হাতছাড়া হওয়ার মূল কারণ হয়ে দাঁড়ায়।
জা. অর্থনীতি/এআর