নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুরে সাংবাদিক লুৎফর জামান ফকির ওরফে আলিফ ফকিরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা অপূর্বের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে দুর্গাপুর চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল আমিন ভূঁইয়া শুনানি শেষে এ আদেশ দেন।
গত রোববার দুপুরে দুর্গাপুর থানা-পুলিশ অপূর্বকে আদালতে পাঠায়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা দুর্গাপুর থানার উপপরিদর্শক আসাদুল ইসলাম তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। বিচারক আবেদনের ওপর এ শুনানির জন্য আজকের দিন ধার্য্য করেন। তবে অপূর্বের পক্ষে কোনো আইনজীবী আদালতে দাঁড়াননি।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ২০২৫ সালে ৯ জানুয়ারি দূর্গাপুরে শফিকুল ইসলাম নামে এক পুলিশ হত্যার ঘটনা ঘটে। এ হত্যাকাণ্ডে ও অপূর্ব জড়িত ছিলেন। তিনি হত্যায় জড়িত থাকার কথা আদালতে জবানবন্দিও দিয়েছিলেন। তবে ওই বছর সেপ্টেম্বর মাসে তার জামিন মঞ্জুর হয়।
এর আগে গত বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে দূর্গাপুরের তেলুঞ্জিয়া এলাকায় দুর্বৃত্তের হাতে ৫-৬ রাউন্ড গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফর জামান ফকির। তিনি ‘রূপসী বাংলা’ আইপিটিভিতে সাংবাদিকতা করতেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামক একটি সংবাদভিত্তিক পেইজ পরিচালনা করতেন। ওই পেইজ এলাকার মাদক ব্যবসা, চোরাচালান, অপরাধ ও দুর্নীতি নিয়ে রিপোর্ট লিখতেন তিনি।
—জা. অর্থনীতি/এনজে