মনে হচ্ছে আমার মা চলে গেছেন: রুনা লায়লা

ভারতীয় সংগীতের কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে আর নেই। রোববার (১২ এপ্রিল) ৯২ বছর বয়সে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর চলে যাওয়া কেবল একটি নক্ষত্রের পতন নয়, বরং ভারতীয় সংগীতের একটি স্বর্ণালী অধ্যায়ের চিরস্থায়ী সমাপ্তি। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। 

ব্যক্তিজীবনে খুব কাছ থেকে দেখেছেন আশাকে। একসঙ্গে মিউজিক করেছেন। লতা মঙ্গেশকর ও আশা মঙ্গেশকর দুজনের সাথেই পারিবারিক সম্পর্ক ছিল তার। আশার মৃত্যুর সংবাদের পর শোকে ডুবেছেন তিনিও। 

রুনা লায়লা বলেন, ‘নিজেকে সামলাতে পারছি না। মনে হচ্ছে আমার মা চলে গেলেন। অনেক উঁচু থেকেও উঁচুমাপের শিল্পী ছিলেন। লতাজী চলে গেছেন, আশাজীও চলে গেলেন। গানের জগৎ থেকে দুটো সম্পদ চলে গেলো। এ শূন্যতা কেউ পূরণ করতে পারবেন না।’ 

রুনা লায়লার সুরে গেয়েছিলেন ‘চলে যাওয়া ঢেউগুলো আর ফিরে আসেনি’। এ গানের কণ্ঠ দেওয়ার সময়টি স্মরণ করে রুনা বলেন, ‘আমি তো ওনার থেকে অনেক ছোট। বয়েসে কিংবা শিল্পী হিসেবেও। যখন গান রেকর্ডিং হচ্ছিল তিনি এতো শুদ্ধভাবে গানটি করেছেন, বলছিলেন, ঠিক না হলে আমাকে বলবেন। এতো বড় শিল্পী হয়ে এতো কো-অপারেট করেছেন, গানের ব্যাপারে তিনি এতো বেশি সচেতন, তা বলে বোঝাতে পারবো না।’ 

রুনা লায়লার সঙ্গে আশা ভোঁসলের দেখা হয়েছিল ওই গানের রেকর্ডিংয়ে। তবে যখনই দেখা হতো, আন্তরিকভাবেই কাছে ডেকে নিয়েছেন, রান্না করে খাইয়েছেন। কখনো নাম ধরে ডাকেননি।  

আশা ভোঁসলের মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র সংগীতের একটি সোনালি অধ্যায়ের অবসান ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সংগীতের পাশাপাশি রান্নার প্রতি তার বিশেষ অনুরাগের কারণে বিশ্বজুড়ে 'Asha's' নামে তার রেস্তোরাঁ চেইন রয়েছে। 

—জা. অর্থনীতি/এনএ