স্বাস্থ্য ডেস্ক: দৈনন্দিন জীবনে আমরা ছোটখাটো অনেক সমস্যার সমাধান গুগল করে জেনে নিই। সেই মতে, চিকিৎসা ক্ষেত্রেও অনেকে গুগল ডাক্তারের পরামর্শও নিয়ে থাকেন। মাথা ব্যথা, গুগলে সার্চ দিলেন! জ্বর, ইউটিউব দেখে ওষুধ খেলেন! কিন্তু আপনি কি জানেন এই গুগল ইন্টারনেট আমাদের জীবন সহজ করেছে ঠিক, কিন্তু চিকিৎসার ক্ষেত্রে এই সহজ পথই অনেক সময় হয়ে উঠতে পারে বিপজ্জনক।
বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশের মানুষ এখন ছোটখাটো অসুখে ডাক্তারের কাছে না গিয়ে গুগলেই খুঁজছেন সমাধান। গুগলে থাকা সব তথ্য সঠিক নয়। অনেক তথ্য অসম্পূর্ণ, পুরনো বা ভুল হতে পারে যা আপনার জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।
একই উপসর্গে একাধিক রোগ হতে পারে। আপনি মাথা ব্যথা ভাবছেন সাধারণ সমস্যা। কিন্তু সেটি হতে পারে গুরুতর কিছু! গুগল দেখে নিজে নিজে ওষুধ খেলে ডোজ ভুল হতে পারে, এলার্জি হতে পারে। এমনকি শরীরে ভয়ংকর পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা দিতে পারে।
নিজে নিজে চিকিৎসা করতে গিয়ে অনেকেই দেরিতে ডাক্তার দেখান। ততক্ষণে রোগ হয়ে যায় আরও জটিল। তবে গুগল একেবারে খারাপ নয়। সচেতনতা, সাধারণ তথ্য, বা প্রাথমিক ধারণা পেতে এটি সাহায্য করতে পারে। কিন্তু চিকিৎসার সিদ্ধান্ত? সেটা অবশ্যই একজন ডাক্তারের।
যদি কোনো সমস্যা হয় গুগল দেখে ভয় না পেয়ে নিজে নিজে ওষুধ না খেয়ে দ্রুত একজন উপযুক্ত ডাক্তারের পরামর্শ নিন। মনে রাখবেন, গুগল তথ্য দিতে পারে, কিন্তু চিকিৎসা নয়। আপনার শরীর এক্সপেরিমেন্ট করার জায়গা নয়। তাই গুগল সার্চ নয়, সঠিক চিকিৎসাই বাঁচাতে পারে জীবন।
—জা. অর্থনীতি/এনএ