জলবায়ু পরিবর্তন ট্রাস্টে ১০০ কোটি টাকা বরাদ্দ আসতে পারে
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: জলবায়ু পরিবর্তনের প্রভাব ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অধীনে ২০২৬-২৭ অর্থবছরে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হতে পারে আসন্ন বাজেটে। একই সঙ্গে প্লাস্টিক দূষণ কমাতে Reduce, Reuse, Recycle (3R) নীতির আওতায় আগামী পাঁচ বছরে প্লাস্টিক বর্জ্য ৩০ শতাংশ হ্রাসের লক্ষ্য নির্ধারণ করা হতে পারে।

বায়ু দূষণ নিয়ন্ত্রণে দেশের ১৫টি Continuous Air Monitoring Station (CAMS) এবং ১৬টি Compact Continuous Air Monitoring Station (C-CAMS)-এর মাধ্যমে নিয়মিত বায়ুর মান পর্যবেক্ষণ কার্যক্রম জোরদার করার উদ্যোগ নেওয়া হতে পারে।

যানবাহনজনিত দূষণ কমাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (BRTA) মাধ্যমে ১০টি আধুনিক ভেহিকেল ইন্সপেকশন সেন্টার স্থাপনের পরিকল্পনা থাকতে পারে। পাশাপাশি ইলেকট্রিক বাস সার্ভিস চালুর উদ্যোগও থাকতে পারে।

এ ছাড়া ই-বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের জন্য নতুন গাইডলাইন ও হালনাগাদ বিধিমালা প্রণয়নের প্রস্তাব থাকতে পারে।

—জা. অর্থনীতি/এএইচএ