পোস্ট-পেইড গ্রাহকদের বিলসহ ৬ দফা দাবিতে রংপুরে স্মারকলিপি
ছবি: জাতীয় অর্থনীতি

রংপুর প্রতিনিধি: রংপুরে পোস্ট-পেইড গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদান বন্ধ রাখা ও জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদসহ ৬ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে রংপুর মহানগর নাগরিক কমিটি। নেসকোর সহকারী প্রকৌশলী ইকবাল আসিফ স্মারকলিপি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে সংগঠনের নেতৃবৃন্দ নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেডের প্রধান প্রকৌশলী বরাবর এই স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদানকালে রংপুর মহানগর নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক মোজাহার আলী ও সদস্য সচিব পলাশ কান্তি নাগ কর্মসূচির নেতৃত্ব দেন।

নাগরিক কমিটির নেতৃবৃন্দ অভিযোগ করেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের গত বছরের জুলাই মাসের অফিস আদেশ অনুযায়ী— কেবল নতুন সংযোগ ও নষ্ট মিটার প্রতিস্থাপনের ক্ষেত্রে স্মার্ট প্রিপেইড মিটার ব্যবহারের সিদ্ধান্ত রয়েছে। কিন্তু নেসকো কর্তৃপক্ষ সেই নিয়ম লঙ্ঘন করে সাধারণ গ্রাহকদের বাসা-বাড়ি থেকে সচল পোস্ট-পেইড মিটার জোরপূর্বক অপসারণ করে প্রিপেইড মিটার বসাচ্ছে।

নেতৃবৃন্দ আরও বলেন, প্রিপেইড মিটারে রিচার্জ করলেই ডিমান্ড চার্জ ও ভ্যাটের নামে অতিরিক্ত টাকা কেটে নেওয়া হচ্ছে এবং ব্যালেন্স শেষ হওয়ামাত্র কোনো আগাম নোটিশ ছাড়াই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এটি ‘বিদ্যুৎ আইন ২০১৮’-এর সম্পূর্ণ পরিপন্থী, যেখানে বকেয়ার কারণে সংযোগ কাটার আগে অন্তত ১৫ দিনের নোটিশ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এছাড়া সম্প্রতি রংপুর নগরীর বিভিন্ন এলাকায় পোস্ট-পেইড গ্রাহকদের মাসিক বিদ্যুৎ বিল দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে, যা গ্রাহকদের প্রিপেইড মিটার নিতে বাধ্য করার এক চরম স্বেচ্ছাচারী কৌশল।

গ্রাহক হয়রানি বন্ধে নাগরিক কমিটির পক্ষ থেকে উত্থাপিত প্রধান দাবিগুলো হলো— কোনো গ্রাহককে জোরপূর্বক মিটার স্থাপনে বাধ্য না করা, প্রিপেইড মিটারের অযৌক্তিক ও অতিরিক্ত চার্জ প্রত্যাহার করা, প্রযুক্তির নামে হয়রানি বন্ধ করা, সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করা এবং বিদ্যুৎ খাতের সার্বিক অনিয়ম-দুর্নীতি ও অব্যবস্থাপনা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।