নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: বৈশ্বিক সাইবার হামলার ঝুঁকি মোকাবিলা এবং বন্দরের ডিজিটাল অবকাঠামো ও অপারেশনাল তথ্যের নিরাপত্তা জোরদারে আধুনিক সাইবার সিকিউরিটি সিস্টেম চালু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। মেরিটাইম লজিস্টিকস ও ডিজিটাল অবকাঠামোকে আরও নিরাপদ ও নিরবচ্ছিন্ন রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (২৮ জুন) দুপুরে চট্টগ্রাম বন্দর ভবনের বোর্ড কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই সিস্টেমের উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান।
অনুষ্ঠানে বোর্ড সদস্য, বিভাগীয় প্রধান, শাখা প্রধান এবং বন্দরের তথ্যপ্রযুক্তি ও নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বন্দর কর্তৃপক্ষ জানায়, বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্ম, স্মার্ট লজিস্টিকস, অনলাইন সেবা এবং তথ্যপ্রযুক্তিনির্ভর কার্যক্রম বাড়ায় সাইবার ঝুঁকিও বেড়েছে। এ বাস্তবতায় আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিত করতে ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশি প্রযুক্তি প্রতিষ্ঠান ড্যাফোডিল আইটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেডের সঙ্গে চুক্তি করে সাইবার নিরাপত্তা ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।
নতুন সাইবার নিরাপত্তা ব্যবস্থায় সম্ভাব্য সাইবার হামলা আগাম শনাক্তকরণ, সংবেদনশীল তথ্যের গোপনীয়তা নিশ্চিতকরণ, ভাইরাস ও ম্যালওয়্যারজনিত ঝুঁকি হ্রাস, রিয়েল-টাইম সাইবার ইন্টেলিজেন্স, ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অব সার্ভিস (DDoS) হামলা প্রতিরোধ, সন্দেহজনক নেটওয়ার্ক কার্যক্রম পর্যবেক্ষণ, ফরেনসিক আর্কাইভিং এবং ২৪/৭ নেটওয়ার্ক অপারেশন ও সিকিউরিটি অপারেশন সেন্টার (NOC/SOC) সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে।
বন্দর কর্তৃপক্ষের মতে, এই ব্যবস্থা আন্তর্জাতিক জাহাজ ও বন্দর নিরাপত্তা (আইএসপিএস) কোডের সঙ্গে সামঞ্জস্য রেখে বন্দরের ডিজিটাল নিরাপত্তা আরও শক্তিশালী করবে। একই সঙ্গে টার্মিনাল অপারেশন নিরবচ্ছিন্ন রাখা, তথ্য সুরক্ষা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক শিপিং অংশীজনদের কাছে চট্টগ্রাম বন্দরকে আরও নির্ভরযোগ্য ও প্রযুক্তিনির্ভর বন্দর হিসেবে প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।
—জা.অর্থনীতি/এনজে