সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় গাবুরা ইউনিয়নে মেগা প্রকল্পের আওতায় নির্মিত টেকসই বেড়িবাঁধ রক্ষায় অবৈধ ‘নাইনটি’ (নদী থেকে নোনা পানি উত্তোলনের পাইপলাইন) অপসারণে বিশেষ অভিযান শুরু হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) ইউনিয়নের বিভিন্ন স্থানে এই অভিযান চালিয়ে একাধিক অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়। গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি. এম. মাছুদুল আলম ঘোষণা দিয়েছেন— ইউনিয়নের কোথাও নতুন করে কোনো অবৈধ পাইপলাইন স্থাপন করতে দেওয়া হবে না।
স্থানীয় সূত্র জানায়— দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় কিছু প্রভাবশালী মৎস্যঘের মালিক বেড়িবাঁধের ওপর দিয়ে অবৈধভাবে পাইপলাইন স্থাপন করে নদী থেকে নোনা পানি উত্তোলন করে আসছিলেন। এর ফলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত টেকসই বেড়িবাঁধ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জোয়ার-ভাটাপ্রবণ উপকূলীয় এলাকার জানমালের নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়ছিল।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি. এম. মাছুদুল আলম বলেন, “বেড়িবাঁধ ও নদী উপকূলীয় মানুষের জীবন ও জীবিকার প্রধান ঢাল। এগুলোর ক্ষতি করে এমন কোনো অবৈধ কার্যক্রম বরদাশত করা হবে না। যারা বেড়িবাঁধের ক্ষতি করে অবৈধভাবে ‘নাইনটি’ স্থাপন করেছেন, তারা দ্রুত নিজ উদ্যোগে সেগুলো অপসারণ করুন। অন্যথায় নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” উপকূলীয় বেড়িবাঁধ, নদী ও পরিবেশ রক্ষায় স্থানীয় প্রশাসন ও জনসাধারণের সহযোগিতায় এ ধরনের উচ্ছেদ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
—জা. অর্থনীতি/এলএটি
