সুড়ঙ্গ নির্মাণ করতে গিয়ে ধস: নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেরলের ওয়েনাড় জেলায় সুড়ঙ্গ প্রকল্পে ভয়াবহ ভূমিধসের ঘটনায় অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েক জন। স্থানীয় প্রশাসনের দাবি, এখনও অন্তত সাত জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে দমকল, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং অন্যান্য উদ্ধারকারী সংস্থা যৌথভাবে অভিযান চালাচ্ছে।

এই ঘটনার পরই ভূমিধসকে ‘ম্যান-মেড’ বা মানবসৃষ্ট দুর্যোগ বলে অভিযোগ তুলেছেন কেরলের পরিবেশ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সানি জোসেফ। তার দাবি, জেলা প্রশাসনের সতর্কবার্তা উপেক্ষা করেই সুড়ঙ্গ খননের কাজ চালানো হয়েছিল।

জানা গেছে, গত ২০ জুন ওয়েনাড়ের জেলা কালেক্টর মেঘাশ্রী ডি. আর. নির্মাণকারী সংস্থাকে একটি চিঠি দিয়ে সতর্ক করেছিলেন। ওই চিঠিতে বলা হয়েছিল, সুড়ঙ্গ খননের ফলে জমে থাকা মাটি এলাকা থেকে অপসারণ না হওয়া পর্যন্ত দ্বিতীয় সুড়ঙ্গের খননকাজ বন্ধ রাখতে হবে। অভিযোগ, সেই নির্দেশ অমান্য করেই নির্মাণকাজ চলছিল।

সানি জোসেফ বলেন, জেলা কালেক্টরের নির্দেশ মানা হয়নি। এটি একটি মানবসৃষ্ট দুর্যোগ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল এবং কারও গাফিলতি ছিল কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে।

প্রকল্পটির দায়িত্বে রয়েছে কোঙ্কন রেলওয়ে কর্পোরেশন। সুড়ঙ্গ নির্মাণের কাজ ভোপালভিত্তিক সংস্থা দিলীপ বিল্ডকনকে দেওয়া হয়েছিল। অন্যদিকে, সুড়ঙ্গ-সংযুক্ত সড়ক ও সেতু নির্মাণের দায়িত্ব ছিল কলকাতার রয়্যাল কনস্ট্রাক্টের ওপর।

মলপ্পুরম ও ওয়েনাড় জেলার সংযোগস্থলের কাল্লাদি এলাকায়, মীনাক্ষী সেতুর কাছে এই ভূমিধসের ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় সেখানে শ্রমিকেরা কাজ করছিলেন। ধস নামার সঙ্গে সঙ্গেই বহু শ্রমিক কাদামাটির নিচে আটকে পড়েন বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ওই এলাকায় প্রায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। টানা ভারী বৃষ্টির কারণেই ভূমিধসের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হলেও, নির্মাণকাজের অনিয়ম ও প্রশাসনিক নির্দেশ অমান্যের অভিযোগ নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

ঘটনায় শোকপ্রকাশ করেছেন ওয়েনাড়ের প্রাক্তন সাংসদ ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি নিখোঁজদের দ্রুত উদ্ধারে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। রাহুল বলেন, ওয়েনাড় অতীতেও নানা দুর্যোগ কাটিয়ে উঠে ঘুরে দাঁড়িয়েছে। এবারও মানুষকে সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করতে হবে।

ঘটনার পর পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছেন কেরলের মুখ্যমন্ত্রী। তিনি সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করে উদ্ধার ও ত্রাণকাজ দ্রুততর করার নির্দেশ দিয়েছেন।

সূত্র: আনন্দবাজার

জা.অর্থনীতি/এসআই