অনলাইন ডেস্ক: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকার জলবায়ু-সহনশীল ডিজিটাল ই-হেলথ সিস্টেম গড়ে তুলতে কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
বুধবার (১৫ জুলাই) পরিবেশ অধিদপ্তরে অনুষ্ঠিত ‘প্রকৃতি ও স্বাস্থ্য: জলবায়ু-সহনশীল জনস্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি জানান, ডিজিটাল স্বাস্থ্য খাতের বিদ্যমান ঘাটতি দূর করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সমন্বয়ে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ২০৩০ সালের মধ্যে দেশে বছরে প্রায় ৩৪ হাজার কোটি টাকা অর্থনৈতিক ক্ষতির ঝুঁকি রয়েছে। এ ক্ষতি কমাতে উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা কেন্দ্রে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করাকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। পাইলট প্রকল্পের অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যতে দেশব্যাপী বৃহত্তর প্রকল্প নেওয়া হবে বলেও তিনি জানান।
বন্যাপ্রবণ ও দুর্গম চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মোবাইল ভ্যানের পাশাপাশি নৌকা-ভিত্তিক ভ্রাম্যমাণ হাসপাতাল চালুর প্রস্তাব দেন ড. এম এ মুহিত। পাশাপাশি নদীভাঙন ও চরাঞ্চলের মানুষের টেকসই উন্নয়নের লক্ষ্যে ‘চর উন্নয়ন ফাউন্ডেশন’ গঠনের দাবিও পুনর্ব্যক্ত করেন তিনি।
জা.অর্থনীতি/এসআই