নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: অগ্রিম আয়কর (এআইটি) বৃদ্ধি প্রত্যাহার এবং ১১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার (২১ জুলাই) ভোর ৬টা থেকে বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার দেশব্যাপী যানবাহন লকআউট কর্মসূচির ঘোষণা দিয়েছে চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্লাটবেড ওনার্স অ্যাসোসিয়েশন।
সংগঠনটি জানিয়েছে, কর্মসূচির আওতায় প্রাইম মুভার ট্রেইলার, ফ্লাটবেড, লো-বেড, সেমি লো-বেড, ক্রেন এবং অন্যান্য ভারী যন্ত্রপাতিবাহী যানবাহনের চলাচল সারা দেশে বন্ধ থাকবে। এতে চট্টগ্রাম বন্দরসহ দেশের বিভিন্ন স্থানে কনটেইনার ও ভারী পণ্য পরিবহনে প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।
সোমবার (২০ জুলাই) এক বিবৃতিতে সংগঠনটি দাবি করে, পণ্য পরিবহন খাতে ব্যবহৃত এসব যানবাহনের ওপর সরকার অন্যায্য ও অসহনীয়ভাবে অগ্রিম আয়কর ৫০ হাজার টাকা বৃদ্ধি করেছে। এই সিদ্ধান্ত প্রত্যাহার এবং দীর্ঘদিনের ১১ দফা দাবি বাস্তবায়নের দাবিতেই এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ২০২৪ সাল থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার চিঠি দেওয়া এবং বৈঠক করেও দাবিগুলোর বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। গত দুই বছরে সরকার ৩ দফায় পণ্যবাহী যানবাহনের অগ্রিম আয়কর বৃদ্ধি করায় প্রতিটি গাড়ির ওপর অতিরিক্ত ৫০ হাজার টাকার করের বোঝা চাপেছে বলে দাবি সংগঠনটির।
সংগঠনের সভাপতি আলহাজ মো. আবু ছালেহ জুয়েল এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেনের নেতৃত্বে গত ১২ জুলাই প্রতিবাদ সমাবেশ এবং ১৪ জুলাই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচির ধারাবাহিকতায় এবার ৪৮ ঘণ্টার যানবাহন লকআউটের ঘোষণা দেওয়া হয়েছে।
সংগঠনটি মালিক ও শ্রমিকদের কর্মসূচি সফল করতে নির্ধারিত সময়ে নিজ নিজ যানবাহন চলাচল বন্ধ রাখার আহ্বান জানিয়েছে।
সংগঠনের ১১ দফা দাবির মধ্যে রয়েছে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিতর্কিত ধারাগুলো সংশোধন, প্রাইম মুভার ট্রেইলার ও ফ্লাটবেডের জন্য ওজন ও দূরত্বভিত্তিক সরকারি ভাড়া নির্ধারণ এবং ভাড়ায় চালিত পণ্যবাহী যানবাহনের অগ্রিম আয়কর সর্বোচ্চ ১০ হাজার টাকায় নামিয়ে আনা।
এছাড়া ট্যাক্স টোকেন ফি ৫০ শতাংশ কমানো, বিভিন্ন কর ও পারমিটের জন্য একক ডকুমেন্ট ব্যবস্থা চালু, এক ধাপেই পেশাদার ভারী যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান এবং যানবাহনের কাঠামোগত পরিবর্তন ও অতিরিক্ত মাল পরিবহনের অভিযোগে হয়রানি বন্ধের দাবিও জানিয়েছে সংগঠনটি।
তাদের দাবির মধ্যে আরও রয়েছে- চট্টগ্রাম বন্দর এলাকায় প্রাইম মুভার ট্রেইলারের জন্য নির্দিষ্ট টার্মিনাল ও পার্কিং ব্যবস্থা গড়ে তোলা, পণ্য পরিবহন খাতের জন্য পৃথক শ্রম আইন প্রণয়ন এবং মহাসড়কে পণ্যবাহী যানবাহন, চালক ও সহকারীদের নিরাপত্তা নিশ্চিত করা।
১৯৯৯ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্লাটবেড ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, সরকার দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
—জা. অর্থনীতি/এনজে