অভিনেত্রী শাবানা আজমি আইসোলেশনে

বিনোদন ডেস্ক: ভারতের দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নেওয়ার কয়েক দিনের মধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। জানা গেছে, সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন তিনি। বর্তমানে ৭৫ বছর বয়সী এই অভিনেত্রী চিকিৎসকদের পরামর্শে আইসোলেশনে রয়েছেন। 

গত ২০ জুলাই ককরোচ জনতা পার্টি (সিজেপি) আয়োজিত ‘সংসদ অভিযান’ কর্মসূচিতে অংশ নিয়ে অনশনরত সোনম ওয়াংচুক ও আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়েছিলেন শাবানা।

এ প্রসঙ্গে শাবানা আজমি জানান, একটি ছাত্র সংগঠনের আয়োজনে প্রতিবাদ সভায় তার উপস্থিত থাকার কথা ছিল। সেখানে গিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চেয়েছিলেন তিনি। তবে হঠাৎ সোয়াইন ফ্লু ধরা পড়ায় চিকিৎসক তাকে বাড়ির বাইরে যেতে নিষেধ করেছেন। সংক্রমণ যাতে অন্যদের মধ্যে ছড়িয়ে না পড়ে, সে জন্যই তাকে আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। 

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে শাবানা আজমি লেখেন, অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় তিনি হতাশ। শারীরিকভাবে উপস্থিত থাকতে না পারলেও শিক্ষার্থীদের প্রতি তার সমর্থন সবসময় থাকবে বলেও জানান তিনি। একইসঙ্গে দ্রুত সুস্থ্যতার জন্য সবার কাছে শুভকামনা চেয়েছেন অভিনেত্রী। 

শাবানার অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর তার অনুরাগী ও শুভানুধ্যায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। 

সোয়াইন ফ্লু একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ। এ রোগে সাধারণত জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, শরীরে ব্যথা, মাথাব্যথা ও ক্লান্তির মতো উপসর্গ দেখা দিতে পারে। গুরুতর ক্ষেত্রে শ্বাসকষ্টও হতে পারে। সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসকের পরামর্শ মেনে চলার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়। 

শাবানা আজমি দীর্ঘদিন ধরে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নিজের মত প্রকাশ করে আসছেন। ছাত্র আন্দোলন, মানবাধিকার ও নারী অধিকারসহ বিভিন্ন বিষয়ে তাকে সরব হতে দেখা গেছে। এবার অসুস্থতার কারণে ছাত্রদের ওই কর্মসূচিতে অংশ নিতে না পারায় আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। 

—জা. অর্থনীতি/এনএ