বৃত্তির টাকা নিয়ে বিভ্রান্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন
ছবি: জাতীয় অর্থনীতি

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন ডেভেলপার অ্যাসোসিয়েশন (বিকেডিএ) আয়োজিত বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তির অর্থ বিতরণ নিয়ে সৃষ্ট বিভ্রান্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান 'নবজাগরণ একাডেমি'।

শনিবার (৮ আগস্ট) রাতে উপজেলার নন্নী বাজারে একাডেমির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের প্রধান মিজানুর রহমান লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি জানান, বিকেডিএ থেকে নবজাগরণ একাডেমির মোট ৪২ জন উত্তীর্ণ শিক্ষার্থীর (সাধারণ গ্রেডে ৩০ জন ও ট্যালেন্টপুলে ১২ জন) জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল মোট ১০ হাজার টাকা। নিয়ম অনুযায়ী ট্যালেন্টপুলে ৫০০ টাকা এবং সাধারণ গ্রেডে ২০০ টাকা দেওয়ার কথা থাকলেও প্রাপ্ত ১০ হাজার টাকা সব উত্তীর্ণদের মাঝে সমন্বয় করতে গিয়ে ট্যালেন্টপুলে উত্তীর্ণদের ৩০০ টাকা করে দেওয়া হয়। এখানে কোনো অর্থ আত্মসাতের ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, এ নিয়ে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত সংবাদ বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।

বিকেডিএর ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক আলম পাশা এবং নালিতাবাড়ী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মুনীরুজ্জামানও বিষয়টিতে কোনো আর্থিক অনিয়ম হয়নি বলে নিশ্চিত করেছেন। তারা জানান, শিক্ষার্থী সংখ্যা বেশি থাকায় সংস্থা থেকে প্রাপ্ত মোট অর্থ সমন্বয় করে বণ্টন করা হয়েছে। তবে শিক্ষার্থীদের উৎসাহ বজায় রাখতে প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকে ঘাটতি অংশ পূরণ করে পুরো অর্থ দেওয়া উচিত ছিল বলে অভিমত ব্যক্ত করেন তারা।

সংবাদ সম্মেলনে নালিতাবাড়ীর নবজাগরণ একাডেমির শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। 

—জা. অর্থনীতি/এলএটি