সিলেটে ত্রিপল মার্ডার: সন্দেহভাজন বাবুল আটক
ছবি: জাতীয় অর্থনীতি

সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর রায়নগর মিতালী এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীসহ তিনজনের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে বাবুল (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (১২ আগস্ট) সকালে মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার দোতলা থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন— বাড়িওয়ালা মো. আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭২) এবং গৃহকর্মী তাহমিনা (১৫)।

সিলেটে বাসা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, সকালে দরজার নিচ দিয়ে রক্ত বের হতে দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে আলাদা কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করে। প্রাথমিক ধারণায় ধারালো অস্ত্র দিয়ে এ হত্যাকাণ্ড চালানো হয়েছে। বাসার আলমারি ও ওয়ারড্রব খোলা পাওয়ায় ডাকাতি, পারিবারিক বিরোধসহ একাধিক কোণ থেকে তদন্ত চালাচ্ছে পুলিশ।

এদিকে সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এলাকায় বিদ্যুৎ না থাকায় সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। পুলিশ ধারণা করছে, লোডশেডিংয়ের সময়টিকেই অপরাধীরা বেছে নিয়েছে। নিখোঁজ থাকা অপর গৃহকর্মী এবং পূর্বের বিরোধ থাকা এক সাবেক ভাড়াটের বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে।

ওসি জানান, সন্দেহভাজন আটক বাবুলকে নিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক ইউনিট কাজ করছে, তবে এখনো কোনো মামলা দায়ের হয়নি।

—জা. অর্থনীতি/এলএটি