লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া এলাকায় দীর্ঘ ২৬ বছর ধরে দখলে থাকা মিজানুর রহমানের পৈতৃক জমি আদালতের রায়ের পর উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে স্থানীয়দের ও পুলিশের সহযোগিতায় জমিটি দখলমুক্ত করে মিজানুর রহমানকে বুঝিয়ে দেওয়া হয়।
মিজানুর রহমান তেঁতুলিয়া এলাকার মৃত শাহজাহান আলীর ছেলে। স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, মিজানুর ছোট থাকতেই তার বাবা মারা যান। পরে তার মা নয়নী বেওয়া অন্যত্র বিয়ে করলে দাদির কাছে বড় হন তিনি।
অভিযোগ রয়েছে, মিজানুর নাবালক থাকার সুযোগে তার মা ও চাচা শহিদুল ইসলাম যোগসাজশ করে জমি রেজিস্ট্রেশন নিয়ে জটিলতা তৈরি করেন। পরবর্তীতে প্রাপ্তবয়স্ক হয়ে পৈতৃক জমি ভোগদখলে নিতে গেলে চাচা শহিদুল ইসলাম বাধা দেন। জমি ফিরে পেতে ২০২০ সালে আদালতের শরণাপন্ন হন মিজানুর।
দীর্ঘ আইনি লড়াই ও শুনানি শেষে গত ১৩ আগস্ট লালমনিরহাটের দায়রা জজ আদালত মিজানুর রহমানের পক্ষে রায় দেন। পরে শুক্রবার স্থানীয় সচেতন মহল, প্রতিবেশী ও পুলিশের সহযোগিতায় জমিটি দখলমুক্ত করে প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হয়।
মিজানুর রহমান বলেন, ‘দীর্ঘ ২৬ বছর ধরে এই জমি নিয়ে চরম ভোগান্তিতে ছিলাম। আদালতের রায়ের পর এলাকাবাসী যেভাবে পাশে দাঁড়িয়েছে, তাতে আমি গভীরভাবে কৃতজ্ঞ।’
স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, ‘আমরা বিচার ব্যবস্থার ওপর শ্রদ্ধাশীল। আদালতের রায়ের প্রতি সম্মান জানিয়েই স্থানীয় ও পুলিশের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে প্রকৃত মালিককে তার জমি বুঝিয়ে দেওয়া হয়েছে।’
—জা. অর্থনীতি/এলএটি
