জয়পুরহাট প্রতিনিধি: জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, দেশের মানুষ যে পরিবর্তনের প্রত্যাশা নিয়ে রাজপথে নেমেছিল, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে হলে রাষ্ট্রীয় ও রাজনৈতিক কাঠামোয় প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে।
শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় জয়পুরহাটের তালীমুল ইসলাম একাডেমী এন্ড কলেজ প্রাঙ্গণে জয়পুরহাট জেলা জামায়াত আয়োজিত ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ১১ মাসে যা করেছি, ঢাবির ১০৫ বছরেও কেউ পারেনি: সাদিক কায়েম
গোলাম পরওয়ার বলেন, দেশের মানুষ বর্তমানে বিভিন্ন ধরনের রাজনৈতিক ও সামাজিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। জনগণের প্রত্যাশা হচ্ছে একটি ইনসাফভিত্তিক, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা। রাজনৈতিক পরিবর্তন শুধু সরকার পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না; রাষ্ট্র পরিচালনার পদ্ধতিতেও ইতিবাচক পরিবর্তন আনতে হবে।
তিনি আরও বলেন, দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হলে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে। জনগণের প্রত্যাশাকে পাশ কাটিয়ে কোনো ব্যবস্থা টেকসই হতে পারে না।
আরও পড়ুন: ‘ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমতা ও সমমর্যাদার’
জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দীন এবং অধ্যাপক নজরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন- জয়পুরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম, অ্যাডভোকেট মামুনুর রশিদ, রাশেদুল আলম সবুজ, অফিস সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন, তরবিয়ত সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, বায়তুলমাল সেক্রেটারি হাকিকুল ইসলামসহ জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
—জা. অর্থনীতি/এনজে