নালিতাবাড়ীতে পাঁচ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা
ছবি: জাতীয় অর্থনীতি

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তারাগঞ্জ মধ্যবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ রোববার (২৩ আগস্ট) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শেরপুরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। পরে জরিমানার টাকা আদায় করা হয়।

অভিযানে নালিতাবাড়ীর স্যানিটারি ইন্সপেক্টর মো. সুলতান মাহমুদসহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। অভিযানে সার্বিক নিরাপত্তায় শেরপুর পুলিশ লাইনের একটি দল দায়িত্ব পালন করে।

ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

—জা. অর্থনীতি/এলএটি