অনলাইন ডেস্ক: যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। এই উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসন এবং ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
বুধবার (২৬ আগস্ট) সকালে জেলা ও উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষ এবং মডেল মসজিদ মিলনায়তনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানগুলোতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম ও সুন্নাহর ওপর বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, বিশ্বনবী ছিলেন সমগ্র মানবজাতির জন্য শান্তি, সাম্য, ভালোবাসা ও মানবিক মূল্যবোধের এক অনন্য আদর্শ। তার অনুপম জীবন দর্শন অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় এবং সাম্য প্রতিষ্ঠার আহ্বান জানান তারা। একই সাথে সমাজে বিদ্যমান হিংসা, বিদ্বেষ ও বিভেদ দূর করে এক সুন্দর ও কল্যাণময় সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার তাগিদ দেওয়া হয়। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।
সামাজিক ও ব্যক্তিগত জীবনে মহানবীর (সা.) অনুকরণীয় আদর্শ ও শিক্ষা তুলে ধরে শেরপুর, পাবনা, সিলেট ও যশোর জেলা এবং নালিতাবাড়ী উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
—জা. অর্থনীতি/এলএটি
