স্থায়ী চুক্তিতে শেফিল্ড ইউনাইটেডে হামজা চৌধুরী

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরী স্থায়ী চুক্তিতে শেফিল্ড ইউনাইটেডে ফেরার দ্বারপ্রান্তে রয়েছেন। লেস্টার সিটি থেকে তাকে দলে নিতে চুক্তির শেষ পর্যায়ে পৌঁছেছে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাবটি।

ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রবিবার (৩০ আগস্ট) হামজার মেডিকেল হওয়ার কথা রয়েছে। মেডিকেল ও আনুষ্ঠানিক কাগজপত্র সম্পন্ন হলে কার্যত বিনা ট্রান্সফার ফিতেই ব্রামল লেনের ক্লাবটিতে যোগ দেবেন তিনি। তবে দুই ক্লাবের পক্ষ থেকে তখনও চুক্তি সম্পন্ন হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

২০২৪-২৫ মৌসুমের দ্বিতীয়ার্ধে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলেছিলেন হামজা। সে সময় দলের হয়ে ১৯ ম্যাচে মাঠে নেমে ক্লাবটিকে চ্যাম্পিয়নশিপের প্লে-অফ ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

ডান দিকের রক্ষণভাগের খেলোয়াড় ফেমি সেরিকির গুরুতর চোটের পর বিকল্প খুঁজতে গিয়ে হামজাকে ফেরানোর সিদ্ধান্ত নেয় শেফিল্ড। মধ্যমাঠের পাশাপাশি রাইট-ব্যাক পজিশনেও খেলতে পারেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার। ক্রিস ওয়াইল্ডারের অধীনে আগে ওয়াটফোর্ড ও শেফিল্ড ইউনাইটেডে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার।

লেস্টার সিটি টানা অবনমনের পর লিগ ওয়ানে নেমে যাওয়ায় বেতন কাঠামো পুনর্বিন্যাস করছে। ক্লাবটি হামজার বেতনের চাপ কমাতে তাকে ছেড়ে দিতে রাজি হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সব আনুষ্ঠানিকতা সময়মতো শেষ হলে মঙ্গলবার বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের ম্যাচেই হামজাকে দেখা যেতে পারে। স্থায়ীভাবে তার ফেরাকে শুধু বর্তমান স্কোয়াডের সংকট নিরসন নয়, ক্লাবটির দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেও বিবেচনা করা হচ্ছে।

—জা. অর্থনীতি/এএইচএ