মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের কারাদণ্ড
ছবি: জাতীয় অর্থনীতি

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মেরুংয়ে নেশাগ্রস্ত অবস্থায় জনসম্মুখে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অভিযোগে মো. আজাদ হোসেন (২৭) নামে এক যুবককে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডের পাশাপাশি তাকে ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দীঘিনালার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিল পারভেজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আজাদ হোসেন ছোট মেরুং এলাকার মো. ইকবাল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে নেশাগ্রস্ত অবস্থায় জনসম্মুখে বিশৃঙ্খলা সৃষ্টির সময় স্থানীয়দের সহযোগিতায় আজাদকে আটক করে দীঘিনালা থানা পুলিশ। পরবর্তীতে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি দোষ স্বীকার করেন।

ওসি জানান, মাদক সেবন করে প্রকাশ্যে শান্তিশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ওই যুবককে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেন। সাজা ঘোষণার পরপরই আসামিকে খাগড়াছড়ি জেলা কারাগারে পাঠানো হয়েছে।  

—জা. অর্থনীতি/এলএটি