লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়ন পরিষদ মাঠে বিনামূল্যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ নির্ণয়, চিকিৎসা ও স্বাস্থ্যসচেতনতামূলক এক ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকার পাঁচ শতাধিক নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রুরাল অর্গানাইজেশন ফর সোশ্যাল এমপাওয়ারমেন্ট (ROSE)-এর উদ্যোগে এবং হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুরের সহযোগিতায় এ কর্মসূচি পরিচালিত হয়।
ক্যাম্পে রোগীদের বিনামূল্যে রক্তের শর্করা ও রক্তচাপ পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসাসেবা, ব্যবস্থাপত্র প্রদান এবং স্বাস্থ্যসংক্রান্ত দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উত্তর বাংলা কলেজের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ মোজাম্মেল হক এবং হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুরের সিইও মোহাম্মদ আনোয়ার হোসেনসহ চিকিৎসক দল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ড. মোজাম্মেল হক এ উদ্যোগের প্রশংসা করে বলেন, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নীরব ঘাতক। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত এ ধরনের সচেতনতামূলক আয়োজন অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ।
সংগঠনের পক্ষ থেকে ROSE-এর সভাপতি ও নির্বাহী পরিচালক জানান, সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই তাদের এই প্রয়াস, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্বাস্থ্যসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
—জা. অর্থনীতি/এলএটি