জাতীয় অর্থনীতি ডেস্ক: একই উঠানে মসজিদ ও মন্দির। দুই উপাসনালয়ের দেয়ালের দূরত্ব মাত্র ৩ ফুট। একপাশে চলছে আজান ও নামাজ, অন্যপাশে উলুধ্বনি আর পূজা-অর্চনা।
ধর্ম আলাদা, উপাসনার ধরনও ভিন্ন। তবু নেই বিরোধ, নেই সংঘাত। ভিন্ন ধর্মের মানুষ হলেও একে অপরের ধর্মীয় আচার পালনে সহযোগিতা করে আসছেন প্রায় ২ শতাব্দী ধরে।
এভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের কালীবাড়ি এলাকার পুরান বাজার।
১৮৩৬ সালে প্রতিষ্ঠিত হয় কালীবাড়ি মন্দিরটি। পরে পুরান বাজারে বিভিন্ন অঞ্চল থেকে আসা মুসলিম ব্যবসায়ীরা নামাজ আদায়ের জন্য মন্দিরের ঠিক পাশেই একটি ছোট ঘর নির্মাণ করেন, যা কালক্রমে পুরান বাজার জামে মসজিদ হিসেবে পরিচিত হয়। সেই থেকে একই উঠানে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে দুই ধর্মের দুই উপাসনালয়। সময়ের সঙ্গে সঙ্গে গড়ে উঠেছে এক নিবিড় পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার বন্ধন।
এমন শান্তিপূর্ণ সহাবস্থানকে ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখছেন স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।
সময়ের সঙ্গে বদলেছে ইমাম ও পুরোহিতের প্রজন্ম, কিন্তু বিন্দুমাত্র ম্লান হয়নি পাশাপাশি দুই উপাসনালয়ের এই সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান। ধর্মীয় সম্প্রীতির এই মহান ঐতিহ্য আগামী প্রজন্মও পরম যত্নে ধরে রাখবে- এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
—জা. অর্থনীতি/এলএটি