খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন সেমিনার
ছবি: জাতীয় অর্থনীতি

ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন ‘রক্তিমা’র উদ্যোগে ‘খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা ভবনে ‘নিরাপদ হোক রক্তদান, আমার রক্তে বাঁচুক প্রাণ’ স্লোগানকে সামনে রেখে এ অনুষ্ঠান আয়োজিত হয়। একই সাথে নবীন সদস্যদের বরণ, প্রবীণ সদস্যদের সম্মাননা প্রদান এবং সর্বোচ্চ রক্তদাতাদের সনদপত্র বিতরণ করা হয়।

রক্তিমার সভাপতি সোহরাব উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য আল মামুন ও হিতুআরা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। সেমিনারে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সভাপতি অধ্যাপক ড. হাফিজুর রহমান এবং অধ্যাপক ড. আসাদ-উদ-দৌলা মূল বক্তা (কী-নোট স্পিকার) হিসেবে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্যের জন্য নিয়মিত ও পরিমিত খাদ্যাভ্যাস গড়ে তোলা জরুরি। বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থী রাত জাগা ও অনিয়মিত খাদ্যাভ্যাসে অভ্যস্ত, যা তাদের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। জীবনের মূল সময়কে কার্যকর করতে নিরাপদ খাদ্য ও সঠিক জীবনযাপনের বিকল্প নেই।

বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে খাদ্য নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের মহতী উদ্যোগের জন্য রক্তিমার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন উপাচার্য এবং ভবিষ্যতে কর্মসূচির পরিধি বাড়ানোর আহ্বান জানান।

—জা. অর্থনীতি/এলএটি