গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকবাহী একটি বাস সড়কের পাশের খাদে পড়ে উল্টে গেছে। এ ঘটনায় নারীসহ অন্তত ১৫ জন পোশাক শ্রমিক আহত হয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কুতুবদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, জিএমএস টেক্সটাইল কারখানার একটি বাস আশুলিয়াসহ বিভিন্ন এলাকা থেকে শ্রমিকদের তুলে কারখানার উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি কুতুবদিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে গেলে বাসের ভেতরেই আটকা পড়ে বেশ কয়েকজন আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে উদ্ধারকাজ শুরু করেন। আহত ১৫ জন শ্রমিককে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদিয়া তাসনিম মুনমুন জানান, হাসপাতালে আসা আহত শ্রমিকদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর (রেফার) করা হয়েছে।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম জানান, বাসটি জব্দ করার প্রক্রিয়া চলছে। চালকের অসাবধানতা বা নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। —জা. অর্থনীতি/এলএটি