ছেলের বিয়ের কেনাকাটা করে ফেরার পথে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত
ছবি: সংগৃহীত

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে ছেলের বিয়ের কেনাকাটা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় এক দম্পতি নিহত হয়েছেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। 

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঈশ্বরদী উপজেলা সদরের আলহাজ্ব মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের মালিথাপাড়ার মৃত টুনি মালিথার ছেলে আনোয়ার মালিথা (৪০) এবং তার স্ত্রী স্বপ্না খাতুন (৩৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এই দম্পতির বড় ছেলে সিয়াম মালিথার বিয়ের দিন ধার্য ছিল। বিয়ের আয়োজন উপলক্ষে বুধবার বিকেলে স্ত্রী স্বপ্নাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঈশ্বরদী বাজারে কেনাকাটা করতে যান আনোয়ার। বাজার সেরে সন্ধ্যা ৭টার দিকে বাড়ি ফেরার পথে আলহাজ্ব মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়।

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই স্ত্রী স্বপ্না খাতুন মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আনোয়ার মালিথাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

ছেলের বিয়ের আনন্দের প্রস্তুতির মধ্যেই মাত্র দুই দিনের ব্যবধানে বাবা-মাকে হারিয়ে পরিবারটিতে নেমে এসেছে শোকের মাতম। বিয়ের আয়োজন পরিণত হয়েছে শোকের আবহে। স্বজন ও স্থানীয়দের মধ্যেও নেমে এসেছে গভীর শোক।

ওসি জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।  

—জা. অর্থনীতি/এলএটি