ইউএইর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে আলজেরিয়া। আবুধাবির ধারাবাহিক ‘উসকানিমূলক ও বৈরী’ কর্মকাণ্ডের অভিযোগ তুলে বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয় দেশটি। তবে ঠিক কোন ঘটনার পরিপ্রেক্ষিতে সম্পর্ক ছিন্ন করা হয়েছে, তা স্পষ্ট করেনি আলজেরিয়ার সরকার।

আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূতকে তলব করে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সিদ্ধান্ত কার্যকর করতে তাঁকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।

এদিকে আলজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউএইতে নিবন্ধিত সামরিক ও বেসামরিক সব উড়োজাহাজের জন্য আলজেরিয়ার আকাশসীমা বন্ধ করে দেওয়া হবে। তবে ২০২৬ সালের শেষ পর্যন্ত আলজিয়ার্সগামী আমিরাতের বাণিজ্যিক ফ্লাইটগুলো এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

ইউএইর পররাষ্ট্র মন্ত্রণালয় আলজেরিয়ার সিদ্ধান্তকে সাময়িক বলে আশা প্রকাশ করেছে। একই সঙ্গে দুই দেশের সম্পর্ক ও অভিন্ন স্বার্থ রক্ষায় আবুধাবির প্রতিশ্রুতির কথাও জানিয়েছে তারা।

সাম্প্রতিক বছরগুলোয় দুই দেশের সম্পর্কে ক্রমেই উত্তেজনা বেড়েছে। পশ্চিম সাহারা ইস্যুতে আলজেরিয়া পলিসারিও ফ্রন্টকে সমর্থন করলেও ইউএই মরক্কোর দাবির প্রতি সমর্থন জানায়। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রশ্নেও দুই দেশের অবস্থান বিপরীত।

এ ছাড়া আফ্রিকার সাহেল অঞ্চল নিয়েও দুই দেশের স্বার্থ ও নীতিতে পার্থক্য রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ২০১৩ সালে স্বাক্ষরিত বিমান চলাচল চুক্তি বাতিলের প্রক্রিয়াও শুরু করেছিল আলজেরিয়া।

জা.অর্থনীতি/এসআই