গাজায় বহুতল ভবন ধসে নিহত ২১, আহত ৪৫

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটিতে একটি বহুতল আবাসিক ভবন ধসে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কমপক্ষে ৪৫ জন আহত হয়েছেন। রাতের আঁধারে আকস্মিকভাবে ভবনটি ধসে পড়ায় হতাহতের এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ‘সাডা’ (সুখ) নামের বহুতল ভবনটিতে যুদ্ধের কারণে বাস্তুচ্যুত অন্তত ১০০ জন মানুষ আশ্রয় নিয়েছিলেন। ভবনটির কাঠামোয় হঠাৎ মারাত্মক ফাটল দেখা দেওয়ার পরপরই সেটি হুড়মুড় করে ধসে পড়ে। এতে ভবনের ভেতরে থাকা আশ্রয়প্রার্থীরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।

ভবনধসের খবর পেয়ে স্থানীয় উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে অভিযান শুরু করেন। উদ্ধারকাজের সময় একের পর এক মরদেহ ও আহত ব্যক্তিকে ধ্বংসস্তূপের নিচ থেকে বের করে আনা হয়।

উদ্ধারকর্মীরা দীর্ঘ সময় ধরে তল্লাশি ও উদ্ধার কার্যক্রম চালান। ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত রাখা হয়। পরে গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে।

যুদ্ধকবলিত গাজায় বাস্তুচ্যুত মানুষের জন্য বিভিন্ন ভবন ও স্থাপনা আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে। এমন পরিস্থিতিতে আবাসিক ভবন ধসে বহু মানুষের প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

জা.অর্থনীতি/এসআই