ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিয়ে মেটার এমন সিদ্ধান্ত কেন? (ভিডিও)
ছবি: জাতীয় অর্থনীতি

জাতীয় অর্থনীতি ডেস্ক: গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিক আনাস আল-শরিফের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে মেটা! যুদ্ধের ভয়াবহতা, বোমাবর্ষণ ও ফিলিস্তিনিদের দুর্ভোগের চিত্র তুলে ধরা তার অসংখ্য প্রতিবেদনও ছিল সেখানে। কিন্তু কেন বন্ধ করা হলো এই গুরুত্বপূর্ণ ডিজিটাল আর্কাইভ? যদিও অ্যাকাউন্টটি ফিরিয়ে দিতে মেটার কাছে আবেদন জানিয়েছে তার প্রতিনিধি দল।

 

সম্প্রতি আনাস আল-শরিফের এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, পেজটি বন্ধ অবস্থায় দেখে তার প্রতিনিধি দল গভীরভাবে ব্যথিত। অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করতে কিংবা মেটা ও ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগে সহায়তা করতে পারবেন, এমন ব্যক্তিদের যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি অনুসারীদের ‘আনাস জামাল৩৩’ নামের একটি ব্যাকআপ অ্যাকাউন্টের দিকেও ইঙ্গিত করা হয়। তবে, অ্যাকাউন্টটি কেন বন্ধ করা হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি। মেটা এ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেছে কি না, তাও উল্লেখ করা হয়নি।

আনাস আল-শরিফ উত্তর গাজা থেকে আল জাজিরার প্রতিনিধি হিসেবে সংবাদ সংগ্রহ করতেন। ইসরায়েলের যুদ্ধ চলাকালে তার প্রতিবেদনে উঠে এসেছিল বোমাবর্ষণ, জোরপূর্বক বাস্তুচ্যুতি, ক্ষুধা এবং বেসামরিক মানুষের মৃত্যুর ঘটনা। তার প্রতিনিধি দলের ভাষ্য অনুযায়ী, ইনস্টাগ্রাম পেজটিতে সেই সময়ের তার সম্পূর্ণ কাজের সংগ্রহ সংরক্ষিত ছিল।

২০২৫ সালের ১০ আগস্ট গাজা শহরের আল-শিফা হাসপাতালের কাছে সাংবাদিকদের ব্যবহৃত একটি তাঁবুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন আনাস আল-শরিফ। একই হামলায় আরও কয়েকজন সাংবাদিক প্রাণ হারান।

মৃত্যুর কিছু সময় আগে গাজা শহরে বাড়তে থাকা বোমাবর্ষণের খবর প্রচার করছিলেন তিনি। তার শেষ প্রতিবেদনে তিনি লিখেছিলেন, ‘বোমাবর্ষণ থামছে না। বিগত দুই ঘণ্টায় শহরটিতে ইসরায়েলি আগ্রাসন আরও মারাত্মক রূপ নিয়েছে।’

এই ঘটনা মেটার বিরুদ্ধে ফিলিস্তিন সম্পর্কিত কনটেন্ট পরিচালনা নিয়ে দীর্ঘদিনের সমালোচনাকে আবারও সামনে এনেছে। সাংবাদিক, মানবাধিকার গোষ্ঠী ও ফিলিস্তিনপন্থী সমর্থকেরা এর আগে পোস্ট সরিয়ে দেওয়া, অ্যাকাউন্ট সীমিত করা এবং ফিলিস্তিন সম্পর্কিত কনটেন্টের প্রচার কমিয়ে দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির সমালোচনা করেছেন।

আনাস আল-শরিফের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় সংঘাতে নিহত সাংবাদিকদের ডিজিটাল আর্কাইভ সংরক্ষণ এবং গাজার যুদ্ধকালীন সংবাদ ভবিষ্যতের জন্য সহজলভ্য রাখা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

অ্যাকাউন্ট বন্ধে মেটার এমন সিদ্ধান্ত কেন?

গাজায় নিহত সাংবাদিক আনাস আল-শরিফের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে মেটা! ওই পেজে সংরক্ষিত ছিল বোমাবর্ষণ, ক্ষুধা, বাস্তুচ্যুতি ও বেসামরিক মানুষের মৃত্যুর খবর নিয়ে তার যুদ্ধকালীন সংবাদকাজের বিশাল সংগ্রহ। তার প্রতিনিধি দল অ্যাকাউন্টটি পুনরুদ্ধারে সহায়তা চেয়েছে। তবে, কেন অ্যাকাউন্টটি বন্ধ করা হয়েছে, সে বিষয়ে মেটার কোনো প্রকাশ্য ব্যাখ্যার কথা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।  

—জা. অর্থনীতি/এলএটি