কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও রাসায়নিক সার না পেয়ে ক্ষোভে কুড়িগ্রাম-চিলমারী আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকেরা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর বাজারে এ ঘটনা ঘটে। সড়ক অবরোধের কারণে দীর্ঘ দেড় ঘণ্টা ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
স্থানীয় ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, নতুন অনন্তপুর বাজারের বিসিআইসি নিবন্ধিত সারের ডিলার প্রতিষ্ঠান ‘মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজ’ থেকে আজ সকালে সার বিতরণের দিন ধার্য ছিল। সেই অনুযায়ী ভোর ও সকাল থেকেই শত শত কৃষক সার সংগ্রহের জন্য ভিড় জমান। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ডিলারের লোকজন বিতরণকেন্দ্রে না আসায় অপেক্ষমাণ কৃষকদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে বাধ্য হয়ে বিক্ষুব্ধ কৃষকেরা সড়কে কাঠের টুকরো ও টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান এবং সড়ক অবরোধ করেন।
খবর পেয়ে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানা পুলিশ ও উপজেলা কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা বিক্ষুব্ধ কৃষকদের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং কর্মকর্তাদের প্রত্যক্ষ উপস্থিতিতে পুনরায় সার বিতরণ শুরু করেন।
ভূক্তভোগী কৃষকেরা জানান, আমন মরসুমে জমির জন্য সারের তীব্র প্রয়োজন হলেও গত কয়েক দিন ধরে ডিলারের দ্বারে দ্বারে ঘুরেও তারা সার পাচ্ছিলেন না। মঙ্গলবার সার দেওয়া হবে বলে জানানো হলেও সকাল থেকে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয়। বাধ্য হয়েই তাঁরা প্রতিবাদ ও সড়ক অবরোধে নামেন।
সার ডিলার মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজের ব্যবস্থাপক শামসুল আলম জানান, "চলতি মরসুমে সারের চাহিদা ও কৃষকদের চাপ তুলনামূলক অনেক বেশি। সকাল ১০টার আগেই কৃষকদের অতিরিক্ত ভিড় ও তাড়াহুড়ার কারণে বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা দেখা দেয়। তবে প্রশাসন ও পুলিশের সার্বিক নিরাপত্তায় পরবর্তীতে সুষ্ঠুভাবে সার বিতরণ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়েছে।"
উলিপুর উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, "হাতিয়া অনন্তপুর বাজার কেন্দ্রে হঠাৎ বিপুলসংখ্যক কৃষকের উপস্থিতির কারণে সাময়িক জটিলতা দেখা দিয়েছিল। পরবর্তীতে উপজেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় শৃঙ্খলা ফিরিয়ে এনে নিয়মিত বরাদ্দের সার বিতরণ করা হয়েছে।"
ঘটনার সত্যতা নিশ্চিত করে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফ জানান, "সকাল ৮টা থেকেই সার বিতরণের পরিকল্পনা ছিল। তবে ধারণার চেয়ে বেশি কৃষকের সমাগম হওয়ায় ডিলার পক্ষ বিতরণ শুরু করতে কিছুটা ইতস্তত ও দেরি করে। এতেই ক্ষুব্ধ হয়ে কৃষকেরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং নিজস্ব তদারকিতে কৃষকদের মাঝে সার বিতরণ নিশ্চিত করি। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা ও সার বিতরণ পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।"
—জা. অর্থনীতি/এলএটি