ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার কাশর গ্রামে পৈতৃক ও দান সূত্রে প্রাপ্ত জমি সাইনবোর্ড টানিয়ে জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। দখলচেষ্টায় বাধা দিলে ভুক্তভোগী পরিবারকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কাশর গ্রামের মৃত আবুল হাসেম ফকিরের ছেলে মো. সেলিম ফকির ও তার ভাই কাশরগড় মৌজার ৫৫ শতক জমির পৈতৃক ও দান সূত্রে প্রকৃত মালিক। দীর্ঘদিন ধরে তারা ওই জমি ভোগদখল করে আসছেন এবং তা কারও কাছে বিক্রিও করেননি।
তবে আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে প্রতিবেশী মৃত সুলতানের ছেলে মো. বাবুল মিয়া ও বিল্লাল হোসেনের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ও ভাড়াটে লোক নিয়ে উক্ত জমিতে অনধিকার প্রবেশ করে। তারা সেখানে জোরপূর্বক খুঁটি পুতে ও সাইনবোর্ড টানিয়ে জমিটি জবরদখলের চেষ্টা চালায়। এ সময় জমির প্রকৃত মালিক ও স্বজনেরা বাধা দিলে প্রতিপক্ষের লোকজন তাঁদের গালিগালাজ করে এবং খুনজখমের হুমকী প্রদান করে।
এ ঘটনায় বিল্লাল হোসেন (৫০) ও মো. বাবুলসহ (৩৫) পাঁচজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মো. বাবুল মিয়া জমি দখলের দাবি অস্বীকার করে বলেন, তিনি কারও জমি দখল করতে যাননি এবং সেলিম ফকিরদের জমি তাদের দখলেই রয়েছে।
এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, কাশর গ্রামে সাইনবোর্ড টানিয়ে জমি দখলের চেষ্টার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
—জা. অর্থনীতি/এলএটি