কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
ছবি: জাতীয় অর্থনীতি

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি তিনটি পৃথক ইউনিটে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন জমা দিতে পারবেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির এক প্রশাসনিক সভায় সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা সূত্রে জানা যায়, ঘোষিত সময়সূচি অনুযায়ী ৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) পরীক্ষা দিয়ে ভর্তি যুদ্ধ শুরু হবে। পরদিন ৬ ফেব্রুয়ারি বিকেল ৩টায় ‘বি’ ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) পরীক্ষা নেওয়া হবে। সর্বশেষে ৭ ফেব্রুয়ারি সকাল ১১টায় ‘সি’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের যাতায়াত ও সার্বিক সুবিধার কথা বিবেচনা করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় মূল ক্যাম্পাসের পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহী বিভাগীয় শহরেও পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য শর্তাবলি, আসন সংখ্যা ও বিস্তারিত নির্দেশিকা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ওয়েবসাইট, ভেরিফায়েড ফেসবুক পেজ এবং জাতীয় গণমাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

—জা. অর্থনীতি/এলএটি