১৭ জানুয়ারি থেকে জাবির ভর্তি পরীক্ষা শুরুর পরিকল্পনা
ছবি: জাতীয় অর্থনীতি

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু করার পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ভর্তি পরীক্ষার পদ্ধতি ও পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় নেওয়া হবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, “আমরা আগামী জানুয়ারির ১৭ তারিখ থেকে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছি।”

বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে জানতে চাইলে প্রো-ভিসি বলেন, “বর্তমান সময়সূচির কারণে বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নেওয়া কঠিন হতে পারে। আমরা যে স্লটগুলো নেব, সে স্লটগুলো বন্ধ হয়ে গেছে। বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নিতে হলে এপ্রিল-মে মাসের আগে সম্ভব না। যেটা আমাদের জন্য দেরি হয়ে যায়।”

তিনি জানান, আগামী জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে ভর্তি পরীক্ষা শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে পরীক্ষা কোন পদ্ধতিতে এবং কী সময়সূচিতে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা আয়োজন করা হলে প্রতিদিন একটি করে ইউনিটের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

এর আগে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করেছিল জাবি প্রশাসন। এ লক্ষ্যে চারটি বিভাগীয় শহরে তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়। তবে পরীক্ষা আয়োজনের সময়সূচি ও কেন্দ্র ব্যবস্থাপনা নিয়ে জটিলতার কারণে এ বছরও বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজন না হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।  

—জা. অর্থনীতি/এলএটি