সিলেট প্রতিনিধি: শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা খাতে বাজেটের সর্বোচ্চ বরাদ্দ প্রদানের মাধ্যমে এই খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, তাই কেবল ভবন নির্মাণ নয়, শিক্ষার সার্বিক মানোন্নয়নেও সমন্বিত জোর দিতে হবে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব কথা বলেন। সফরকালে তিনি উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন ও খোঁজখবর নেন।
দিনের কর্মসূচির অংশ হিসেবে মন্ত্রী পুকাশ উচ্চ বিদ্যালয়ে একতলা ভবন ও গুরুকচি উচ্চ বিদ্যালয়ে চারতলা ভবনের নতুন ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তীতে তিনি গোয়াইনঘাট সরকারি কলেজের স্মার্ট আইটি ল্যাব উদ্বোধন, একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস এবং কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের বর্ষপূর্তি উদযাপনে অংশ নেন।
গোয়াইনঘাট সরকারি কলেজের সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শ্রমমন্ত্রী বলেন, "আজ কলেজে ছেলেদের তুলনায় মেয়েদের বিপুল উপস্থিতি ও অংশগ্রহণ দেখে আমি অভিভূত। তবে ছেলেদেরও পড়াশোনায় সমান নজর দিয়ে আরও ভালো ফল করতে হবে।"
নবউদ্বোধিত আইসিটি ল্যাব প্রসঙ্গে তিনি আশ্বাস দিয়ে বলেন, "শিক্ষার্থীরা যদি তথ্যপ্রযুক্তিতে বিশেষ আগ্রহ দেখায়, তবে এই স্মার্ট আইটি ল্যাবটিকে আরও বড় পরিসরে সম্প্রসারণ করা হবে।" এ ছাড়া স্থানীয় নারী শিক্ষার্থীদের আবাসিক সংকট নিরসনে দ্রুত একটি ছাত্রী হোস্টেল নির্মাণের প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব নুমেরী জামান, উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কলেজের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা।
—জা. অর্থনীতি/এলএটি