নবীনবরণকে ঘিরে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
ছবি: জাতীয় অর্থনীতি

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে টানা ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্রের ব্যবহার ও কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যা আশপাশের পুরো এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি করে। এতে পথচারীসহ উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। সংঘর্ষ ও সড়ক অবরোধের ফলে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দীর্ঘ ৬ ঘণ্টা যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজে নতুন বর্ষের নবীনবরণ অনুষ্ঠান চলাকালে ঘটনার সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে সংঘর্ষ কলেজের সীমা ছাড়িয়ে গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টসহ আশপাশের প্রধান সড়কগুলোতে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নতুন শিক্ষার্থীদের অভ্যর্থনাকে কেন্দ্র করে সকালে কলেজ প্রাঙ্গণে উভয় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘাতময় রূপ নিলে উভয় পক্ষের কর্মীরা ইটপাটকেল, কাটা পাথর, লাঠি ও কাচের বোতল নিয়ে পরস্পরের ওপর ঝাঁপিয়ে পড়ে। সংঘর্ষ ছড়িয়ে পড়লে পুরো ট্রাফিক পয়েন্টের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।

সংঘর্ষে আহতদের মধ্যে ছাদ মিয়া, মতিউর রহমান, শিফাত, মাসুম, আজিজ, নয়ন, মাহবুব, সুন্দর আলী, মেহেদী, এনাম, আবু সাইদ, কামরান, জুবাইয়ের, জাকির হোসেন ও লাহিনের নাম জানা গেছে। তাঁদের প্রাথমিক চিকিৎসাসহ স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

দীর্ঘসময় সংঘর্ষ চলায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে সিলেটের লামাকাজি এবং গোবিন্দগঞ্জ থেকে ধরনবাজার পর্যন্ত উভয় পাশে শত শত দূরপাল্লার বাস ও যান আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।

ঘটনার বিষয়ে ছাতক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহবুর আলম অভিযোগ করে বলেন, "নবীনবরণ চলাকালে অরাজনৈতিক আমেজে কথা-কাটাকাটির একপর্যায়ে কলেজের বাইরের কতিপয় শিবিরকর্মী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে চরম কটূক্তিমূলক বক্তব্য প্রদান করে। এর তীব্র প্রতিবাদ জানালে শিবিরকর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।" তবে অভিযোগ সংক্রান্ত বিষয়ে ছাত্রশিবিরের স্থানীয় দায়িত্বশীলদের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ সাফিকুল আলম পরিস্থিতি নিয়ে জানান, "আজ কলেজে ওরিয়েন্টেশন ও ক্লাস কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। শিক্ষকেরা ক্লাসে ব্যস্ত ছিলেন। যা ঘটেছে তা মূলত কলেজের মূল ফটকের বাইরে সড়কের ওপর।"

আইনশৃঙ্খলা রক্ষায় বিলম্বের কারণে স্থানীয়রা পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করার কথা জানিয়েছে থানা-পুলিশ।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, "খবর পাওয়া মাত্রই পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের কারণে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হলেও পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে সড়ক ফাঁকা করা হয়। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।"  

—জা. অর্থনীতি/এলএটি