ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ে পরিবেশন করা ‘মিড-ডে মিল’-এর ডিম খেয়ে অন্তত ২০ জন শিশু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। চিকিৎসার জন্য তাদের সবাইকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পলাশবাড়ী এলাকার মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বিদ্যালয়টির তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মিড-ডে মিলের অংশ হিসেবে সিদ্ধ ডিম খেতে দেওয়া হয়। খাবার গ্রহণের কিছুক্ষণের মধ্যেই একাধিক শিক্ষার্থীদের শরীরে হঠাৎ ফুসকুড়ি, চুলকানি ও অ্যালার্জিজনিত সমস্যা দেখা দেয়। দ্রুত অসুস্থতা ছড়িয়ে পড়লে শিক্ষক ও স্থানীয়রা মিলে শিক্ষার্থীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
খবর পেয়ে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. রফিকুল হক জানান, হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের তাৎক্ষণিক চিকিৎসা সুনিশ্চিত করা হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি আশ্বাস দেন যে, শিক্ষার্থীদের বর্তমান শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত এবং আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি নেই।
উল্লেখ্য, এর আগে গত সোমবার (২১ সেপ্টেম্বর) বালিয়াডাঙ্গীর মধুপুর-১, মধ্য গোয়ালকারী ও তুলশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই কর্মসূচির দুধ পান করে ৩৪ জন শিক্ষার্থী পেটে ব্যথা ও বমির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল।
স্বল্প ব্যবধানে পরপর দুটি অপ্রীতিকর ঘটনা প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, উভয় ঘটনার পরপরই বিদ্যালয়গুলোতে সরবরাহ করা খাবারের নমুনা সংগ্রহ করে বৈজ্ঞানিক পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ল্যাবরেটরি পরীক্ষার রিপোর্ট পেলেই শিক্ষার্থীদের গণ-অসুস্থতার মূল কারণ উদঘাটন করা সম্ভব হবে।
পূর্বের ঘটনায় অসুস্থদের তথ্য হালনাগাদ করে তিনি আরও জানান, সোমবার ভর্তি হওয়া ৩৪ জন শিক্ষার্থীর প্রায় সকলেই সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং বর্তমানে মাত্র একজন হাসপাতালে চিকিৎসাধীন। শিক্ষক ও অভিভাবকদের সাথে কথা বলে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি