পায়রা বন্দরের জন্যে খুলনা শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’
ছবি: সংগৃহীত

খুলনা প্রতিনিধি: দেশীয় প্রযুক্তি ও নিজস্ব সক্ষমতায় জাহাজ নির্মাণ ও প্রতিরক্ষা শিল্পের অংশ হিসেবে পায়রা বন্দর কর্তৃপক্ষের জন্য খুলনা শিপইয়ার্ড লিমিটেড (কেএসওয়াই) নির্মাণ করেছে এক‌টি টাগবোট।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ৭০ টন বোলার্ড পুল ক্ষমতাসম্পন্ন টাগবোট ‘টিয়াখালী-৪’ আনুষ্ঠানিকভাবে লঞ্চিং করা হয়েছে।

লঞ্চিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়ার এডমিরাল মো. আব্দুল লতিফ। এছাড়া কেএসওয়াই ও পায়রা বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল থেকে পরীক্ষামূলক ফ্লাইট শুরু

খুলনা শিপইয়ার্ড কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, পায়রা বন্দরের জন্য ৭০ টন বোলার্ড পুল ক্ষমতাসম্পন্ন ২টি টাগবোট নির্মাণ প্রকল্পের আওতায় দ্বিতীয় টাগবোট ‘টিয়াখালী-৪’ নির্মিত হয়। এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩.৮ মাইল।

টাগবোটটি পায়রা বন্দরে জাহাজের বার্থিং, আনবার্থিং, টোয়িং এবং জাহাজের দিক পরিবর্তন ও নিয়ন্ত্রণ কার্যক্রমে ব্যবহৃত হবে। টাগবোটটির অন্যতম গুরুত্বপূর্ণ সক্ষমতা হলো এর আধুনিক ফায়ার ফাইটিং সিস্টেম।

পাশাপাশি টাগবোটটি রেসকিউ অপারেশন, আন্ডার ওয়াটার সার্ভে ও প্রতিকূল আবহাওয়ায় সমুদ্রে চলাচল এবং পাইলট পরিবহনের মতো বহুমুখী কাজে ব্যবহার করা যাবে।

‘টিয়াখালী-৪’ দেশের জাহাজ নির্মাণ শিল্পে আধুনিক প্রযুক্তি, প্রকৌশল জ্ঞান ও দেশীয় দক্ষ জনবলের সমন্বয়ে উচ্চপ্রযুক্তিনির্ভর জাহাজ ও টাগবোট নির্মাণের ক্ষেত্রে আরও একটি মাইলফলক।

—জা. অর্থনীতি/এনজে