অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে কী করবে ইরান? দেশটির দাবি, এবার যুদ্ধের চিত্র বদলে দিতে তারা প্রস্তুত। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বলছে, নতুন অস্ত্র ও লক্ষ্য নিয়ে আসবে তারা। আর সেই সক্ষমতা দেখে চমকে যাবে পুরো বিশ্ব। এমন হুঁশিয়ারি দেন আইআরজিসির এক মুখপাত্র।
আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে প্রতিরক্ষামূলক ও পাল্টা আক্রমণাত্মক অভিযানে ইরানের উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে জানান আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি।
প্রতিবেদনে উঠে আসে, স্থানীয় গণমাধ্যমকে মোহেব্বি বলেন, পরিবর্তনের মধ্যে যুদ্ধের ভৌগোলিক অবস্থান এবং অস্ত্র ও সামরিক সরঞ্জামে থাকবে পরিবর্তন। যুদ্ধক্ষেত্রে আনা হবে অত্যাধুনিক অস্ত্র। নতুন করে যুক্তরাষ্ট্র হামলা চালালে বদলে যাবে ইরানের প্রতিরক্ষা ও পাল্টা আক্রমণের ধরনও।
মোহেব্বি আরও বলেন, ইরানের লক্ষ্যবস্তুও এখন আর আগের মতো নেই। নতুন কিছু লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যেগুলোতে এখনো হামলা চালানো হয়নি। তবে, ঠিক কী ধরনের নতুন অস্ত্র ব্যবহার করা হবে কিংবা নতুন লক্ষ্যবস্তু কোথায়; সে বিষয়ে বিস্তারিত জানাননি আইআরজিসির এই মুখপাত্র।
এদিকে, ইরানের এই হুঁশিয়ারি এসেছে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্র আবার হামলা চালাতে পারে এমন আশঙ্কা নিয়ে প্রকাশ্যে সতর্কবার্তা দিচ্ছে তেহরান। ইরানের সামরিক কমান্ডও জানিয়েছে, নতুন করে মার্কিন হামলা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও স্বার্থের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হতে পারে। ফলে, নতুন অস্ত্র ও নতুন লক্ষ্য নিয়ে ইরানের এই বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। তবে, ঘোষণায় যে সামরিক সক্ষমতার কথা বলা হয়েছে, তার প্রকৃতি ও কার্যকারিতা সম্পর্কে স্বাধীনভাবে যাচাই করা বিস্তারিত তথ্য এখনো প্রকাশ্যে আসেনি।
যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে কী করবে ইরান? দেশটির দাবি, এবার যুদ্ধের চিত্র বদলে দিতে প্রস্তুত তারা! আইআরজিসি বলছে, নতুন অস্ত্র ও নতুন লক্ষ্য নিয়ে আসবে তারা! আর সেই সক্ষমতা দেখে বিশ্ব চমকে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাহিনীটির মুখপাত্র।
যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে প্রতিরক্ষা ও পাল্টা আক্রমণে বড় পরিবর্তনের হুঁশিয়ারি দিয়েছে ইরান। আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি বলেছেন, যুদ্ধের ভৌগোলিক অবস্থান বদলের পাশাপাশি নতুন ও আরও সক্ষম অস্ত্র যুদ্ধক্ষেত্রে আনা হবে। তার দাবি, এসব অস্ত্র দেখে বিশ্ব চমকে যাবে। একইসঙ্গে নতুন কিছু লক্ষ্যবস্তু নির্ধারণের কথাও জানিয়েছেন তিনি। তবে, অস্ত্র বা লক্ষ্যবস্তুর বিস্তারিত প্রকাশ করেননি ইরান।
—জা. অর্থনীতি/এলএটি