পরাগায়ন

নবী আজাদ

চূড়ান্তে আমার মগজের ভেতর আতর
আদর আদর চাদর পেতেছে চাঁদ
ভেঙে-চুরে যতদূর যাওয়া যায়
আশ্বিনের আয়নায় শাদা শাদা মেঘ।

বহুরূপী নদীর কাছে লোকালয় শূন্যতা
দম কুড়োতে কুড়োতে এখনও হৃদপিণ্ড
মানুষ হত্যার উৎসব সারে সভ্যতা
কিছু দরদাম শিখে বাজারে সয়লাব উনুন।

একান্ত নির্জনে মাংসের লোভে শিয়াল
আকাশের বনে কাশ হয়ে দোলে মেঘেরা
ভীষণ আনন্দে প্রসূতির সেলাইয়ে লাগে টান
উদ্ভট সংকোচ জন্ম নিলে বেহাত পরাগায়ন।