স্পোর্টস ডেস্ক: আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আগামীকাল (৯ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৯টা ৫০ মিনিটে শক্তিশালী অজিদের মুখোমুখি হবে জ্যোতি-বাহিনী। লাল-সবুজের কন্যারা পড়তে পারেন কঠিন পরীক্ষায়!
এদিকে পরিবর্তন ও রূপান্তরের মধ্য দিয়ে যাওয়া বাংলাদেশ নারী ক্রিকেট দল বর্তমানে পা রেখেছে এক কঠিন ও রোমাঞ্চকর মিশনে। টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে নিগার সুলতানা জ্যোতির সরে দাঁড়ানো এবং কোচিং প্যানেলে ডেভিড হেম্পের নতুন করে প্রধান কোচের দায়িত্ব নেওয়া—সব মিলিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে দল। আর এই পরিবর্তনের রেশ কাটতে না কাটতেই এবার অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাসের প্রথম দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ নারী দল।
অস্ট্রেলিয়ার চেনা কন্ডিশনের পেস ও বাউন্স সামলানো সবসময়ই বিদেশি দলগুলোর জন্য বড় চ্যালেঞ্জ। তবে দলের প্রস্তুতি নিয়ে বেশ আশাবাদী কোচ ডেভিড হেম্প। বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় তিনি জানান, ঘরের মাঠের চেয়ে এখানকার উইকেটের চরিত্র ভিন্ন হলেও মেয়েরা দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে। একটি প্রস্তুতি ম্যাচ এবং গত চার-পাঁচ দিনের অনুশীলনে উইকেটের গতি ও বাউন্সের সঙ্গে ধাতস্থ হওয়ার সুযোগ পেয়েছেন তারা।
উল্লেখ্য, ক্রিকেট র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে এর আগে খেলা পাঁচ ওয়ানডে ও সব কটি টি-টোয়েন্টি ম্যাচে হারের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। বিশ্বক্রীড়ার সবচেয়ে সমীহজাগানিয়া এই দলের বিপক্ষে লড়াইটা যে হিমালয়সম কঠিন, তা ভালো করেই জানা আছে টিম ম্যানেজমেন্টের।
তবে ম্যাচের আগে কোনো প্রকার মানসিক চাপ বা অজুহাত দেখতে নারাজ কোচ ডেভিড হেম্প। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, পুরো ম্যাচজুড়ে খেলোয়াড়দের মানসিকতা যেন ইতিবাচক থাকে। সিরিজ শেষে দেশে ফিরে মেয়েরা যেন কোনো আফসোস বা ‘ইশ্, যদি এভাবে খেলতাম’—এমন আক্ষেপে না ভাসে, সেদিকেই সবচেয়ে বেশি জোর দিচ্ছেন তিনি। আক্রমণাত্মক মানসিকতা ও সঠিক মনোভাব নিয়ে মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা উজার করে দিতে মুখিয়ে আছে পুরো দল।
জা. অর্থনীতি/এআর