টাকার বিনিময়ে ‘হত্যাকে আত্মহত্যা’ দেখানোর অভিযোগ ফরেনসিক চিকিৎসকের বিরুদ্ধে
ছবি: জাতীয় অর্থনীতি

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে সাথী আক্তার (১৯) নামের এক গৃহবধূকে যৌতুকের জন্য পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার পর ঘটনাটিকে 'আত্মহত্যা' হিসেবে চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, মোটা অঙ্কের আর্থিক সুবিধার বিনিময়ে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ময়নাতদন্ত প্রতিবেদন দিয়েছেন।

নিহতের পিতা সাইদুর রহমানের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মাদারগঞ্জ উপজেলার নব্যচর গ্রামের সবা শেখের সঙ্গে তার মেয়ে সাথী আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই ৩ লাখ টাকা যৌতুকের দাবিতে সাথীর ওপর শ্বশুরবাড়ির লোকজন প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। যৌতুকের দাবি পূরণ না করায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজানো হয়।

অভিযোগে আরও বলা হয়, ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশের পূর্বে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. হারুন অর রশিদের চেম্বারে অর্থ লেনদেন সংক্রান্ত দেনদরবার হয়। একপর্যায়ে নিহতের পরিবারের কাছ থেকে ১ লাখ টাকা গ্রহণ করা হলেও পরবর্তীতে আসামিপক্ষের সঙ্গে যোগসাজশ করে মিথ্যা ও বানোয়াট ময়নাতদন্ত প্রতিবেদন দাখিল করেন ওই চিকিৎসক।

এই বিতর্কিত ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই সম্প্রতি পুলিশ আদালতে মামলার অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করায় চরম ক্ষোভ প্রকাশ করেছে নিহতের পরিবার। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা উন্মোচন, বিতর্কিত ফরেনসিক প্রতিবেদন বাতিল এবং জড়িতদের শাস্তির দাবি জানিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর ও সিভিল সার্জন কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন নিহতের বাবা।

তবে ঘুষ গ্রহণ ও ভুয়া প্রতিবেদন দেওয়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে ডা. হারুন অর রশিদ জানান, ময়নাতদন্তের সময় মরদেহের সুরতহালে যে আলামত পাওয়া গেছে, নিরপেক্ষভাবে সেটিই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আর্থিক লেনদেনের অভিযোগটি অসত্য।

একটি সম্ভাবনাময় তরুণীর মর্মান্তিক মৃত্যু এবং ময়নাতদন্ত প্রতিবেদন ঘিরে সৃষ্টি হওয়া এই জটিলতায় নিরপেক্ষ পুনঃতদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।  

—জা. অর্থনীতি/এলএটি