নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা, ছেলে আটক
ছবি সংগৃহীত

পাবনা প্রতিনিধি: পাবনার ফরিদপুরে নেশার টাকা না পেয়ে সূর্য বানু (৬০) নামে এক বৃদ্ধা মাকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে উদ্দিন সরদারের (২৭) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে ধারালো অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুর উপজেলার বিএলবাড়ি ইউনিয়নের লক্ষ্মীকুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সূর্য বানু ওই এলাকার লোকমান সরদারের স্ত্রী। 

জানা গেছে, অভিযুক্ত উদ্দিন সরদার কৃষিকাজ করতেন। পাশাপাশি তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে। নেশার টাকার জন্য তিনি প্রায়ই মায়ের ওপর নির্যাতন চালাতেন।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হাসান মাসুদ জানান, ঘটনার দিন সকালে নেশার জন্য মায়ের কাছে টাকা চান উদ্দিন। মা সূর্য বানু টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে ছেলে উদ্দিন হাসুয়া দিয়ে মাকে জবাই করেন বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই সূর্য বানুর মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত ছেলে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওসি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় একই এলাকার আব্দুল হাকিমের বাড়ি থেকে অভিযুক্ত উদ্দিন সরদারকে ধারালো অস্ত্রসহ আটক করে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

—জা. অর্থনীতি/এনজে