‘ককরোচ জনতা পার্টির’ আন্দোলনে বলিউডের সংহতি!

বিনোদন ডেস্ক: ভারতের তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা আলোচিত ‘ককরোচ জনতা পার্টি'র (সিজেপি) আন্দোলন এখন রূপ নিয়েছে এক বিশাল জনসমুদ্রে। শিক্ষা খাতের অনিয়ম ও ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ দাবিতে চলা এই বিক্ষোভে সংহতি জানিয়েছেন শাবানা আজমি, নাসিরউদ্দিন শাহ ও প্রকাশ রাজের মতো শীর্ষ তারকারা। 

রাজপথ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম— সবখানেই সরব উপস্থিতি জানান দিয়ে তরুণদের এই লড়াইকে আরও শাণিত করে তুলেছেন বলিউড ও দক্ষিণী সিনেমার নামী মানুষেরা।

শিক্ষা ও ভোটাধিকারের দাবিতে দিল্লির যন্তর মন্তর থেকে শুরু করে মুম্বাই ও বেঙ্গালুরুর রাজপথ কাঁপছে তরুণদের স্লোগানে। সম্প্রতি মুম্বাইয়ের শিবাজি পার্কে আয়োজিত সমাবেশে সশরীরে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দিন শাহ ও অভিনেত্রী শাবানা আজমি।

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিতের সঙ্গে নাসিরউদ্দিন শাহের আলিঙ্গন এবং শাবানার জোরালো বক্তব্য মুহূর্তেই নজর কেড়েছে সবার। এছাড়া নির্মাতা বিশাল ভরদ্বাজ, সংগীতশিল্পী বিশাল দাদলানি ও বেঙ্গালুরুর বিক্ষোভে অভিনেতা প্রকাশ রাজ ও জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির উপস্থিতি আন্দোলনটিকে ভিন্ন মাত্রা দিয়েছে।

শুধু রাজপথেই নয়, ভার্চুয়াল জগতেও বইছে তারকার সমর্থনের ঝড়। দিয়া মির্জা, কঙ্কনা সেনশর্মা, রিচা চাড্ডা ও টুইঙ্কল খান্নার মতো তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ভিডিও শেয়ার করে তরুণদের পাশে থাকার বার্তা দিয়েছেন।
এর আগে জুলাই মাসের ছাত্র বিক্ষোভেও রিতেশ দেশমুখ, ভূমি পেড়নেকর ও নন্দিতা দাসরা শিক্ষার্থীদের কণ্ঠস্বরকে সমর্থন জানিয়েছিলেন। সবমিলিয়ে, ভারতের এই তরুণ প্রজন্মের রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে ভারতীয় শিল্পীদের এমন জোরালো সম্পৃক্ততা নতুন আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রস্তাবিত বিক্ষোভে যোগ দেওয়ার আগেই আলোচিত ইউটিউবার ধ্রুব রাঠিকে এরই মধ্যে আটক করেছে দিল্লি পুলিশ। আজ শনিবার সকালে হরিয়ানার গুরুগ্রামে নিজের পারিবারিক বাসা থেকে তাকে আটক করা হয় বলে বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে।

জা. অর্থনীতি/এআর