‘দ্য ডার্টি পিকচার-২’ নির্মাণের সিদ্ধান্ত প্রযোজকের

বিনোদন ডেস্ক: বিদ্যা বালানের ক্যারিয়ারের অন্যতম সেরা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’ মুক্তির দীর্ঘ ১৫ বছর পর সিক্যুয়েল নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বলিউডের খ্যাতনামা প্রযোজক একতা কাপুর। এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি নিশ্চিত করেছেন যে, দর্শকের সামনে নতুন ও সেরা একটি গল্প তুলে ধরার তাগিদ থেকেই ‘দ্য ডার্টি পিকচার ২’ বানানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

২০১১ সালে মুক্তি পাওয়া মিলান লুথারিয়া পরিচালিত প্রথম কিস্তিটি বক্স অফিসে তুমুল ঝড় তোলার পাশাপাশি বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসা কুড়ায়। প্রায় ১৮ কোটি রুপি বাজেটে নির্মিত সেই ছবিটি সে সময় বিশ্বব্যাপী ১১৬ কোটি রুপিরও বেশি ব্যবসা করেছিল।

দক্ষিণ ভারতীয় বিতর্কিত ও জনপ্রিয় অভিনেত্রী সিল্ক স্মিতার জীবনের ছায়াবলম্বনে নির্মিত সেই সিনেমায় সিল্কের সাহসী চরিত্রে অনবদ্য অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছিলেন বিদ্যা বালান।

প্রযোজক একতা কাপুর রণবীর আল্লাহবিয়ার পডকাস্টে জানান, প্রথম সিনেমাটিতে সিল্ক স্মিতাকে কেবল কোনো ‘শিকার’ বা ভিকটিম হিসেবে দেখানো হয়নি। ছবিতে নিজের শরীর, যৌনতা ও সিদ্ধান্তের ওপর একজন নারীর অধিকার এবং উদযাপনের রূপ ফুটে উঠেছিল। দীর্ঘ দেড় দশক ধরে ভক্তদের পক্ষ থেকে সিক্যুয়েলের তাগিদ থাকলেও উপযুক্ত চিত্রনাট্যের অভাবেই তিনি এতদিন অপেক্ষা করছিলেন।

একতা আরও জানান, প্রথম পার্টের মতোই ‘দ্য ডার্টি পিকচার ২’ সিনেমাটিও সুনির্দিষ্ট একজন ব্যক্তির জীবনসংগ্রাম ও বাস্তব অভিজ্ঞতাকে ঘিরে আবর্তিত হবে। তবে এবার কেন্দ্রীয় চরিত্রে কে থাকছেন, কিংবা কার জীবন নিয়ে এই নতুন গল্প রচিত হচ্ছে—সে বিষয়ে এখনো রহস্য বজায় রেখেছেন তিনি।

জা. অর্থনীতি/ এআর