বিনোদন ডেস্ক: কনসার্টে বিতর্কিত ও আপত্তিকর মন্তব্যের অভিযোগে শেষ পর্যন্ত মহারাষ্ট্র সাইবার সেলের মুখোমুখি হয়েছেন ভারতীয় জনপ্রিয় র্যাপার ও সংগীত প্রযোজক ইয়ো ইয়ো হানি সিং। টানা কয়েকবার সমন এড়ানোর পর শুক্রবার (১৬ অক্টোবর) তিনি তদন্তকারী কর্মকর্তাদের সামনে হাজির হন। সাইবার সেল কার্যালয়ে প্রায় দুই ঘণ্টা ধরে তার জবানবন্দি রেকর্ড করা হয় এবং পরবর্তীতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তিনি সেখান থেকে বের হন। সূত্র টাইমস অব ইন্ডিয়ার।
৩ বার সমন এড়ানোর পর জেরা
সাইবার সেলের সূত্রে জানা গেছে, এর আগে তিনবার সমন পাঠানো হলেও বিদেশে অবস্থান করার অজুহাতে হাজিরা এড়িয়ে চলছিলেন এই র্যাপার। এমনকি সর্বশেষ ৫ অক্টোবরের নির্ধারিত তারিখে উপস্থিত না হয়ে ১৬ অক্টোবরের পরিপূরক হিসেবে আগামী ২২ অক্টোবর উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছিলেন তিনি।
তবে সাইবার সেল তার সেই অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করে ১৬ অক্টোবরই হাজির হওয়ার নির্দেশ দেয়। একই সঙ্গে তদন্ত কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে জানান, এবারও সমন অমান্য করলে তার বিরুদ্ধে লুক আউট সার্কুলার (এলওসি) জারি করার প্রক্রিয়া শুরু হবে। ফলে আইনি চাপ ও লুক আউট নোটিশের মুখে পড়ে শেষ পর্যন্ত শুক্রবার তিনি সাইবার সেলে হাজির হতে বাধ্য হন।
কেন এই সমন?
দিল্লির এক শীতকালীন কনসার্টে পরিবেশনার সময় হানি সিং কিছু আপত্তিকর ও অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। সেই কনসার্টের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে। এরপর এক ব্যক্তি তার বিরুদ্ধে মহারাষ্ট্র সাইবার সেলে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতেই র্যাপারকে তলব করে জেরা করা হয়। পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলছে।
পুরানো বিতর্কের ছায়া
হানি সিংয়ের গানের কথা ও প্রকাশ্য মন্তব্য নিয়ে আইনি জটিলতায় পড়া এবারই প্রথম নয়। এর আগে গত ২ এপ্রিল দিল্লি হাইকোর্টে তার গান সংক্রান্ত এক মামলায় আদালত মন্তব্য করেছিলেন যে, তার কিছু গান অত্যন্ত অশ্লীল, আপত্তিকর এবং নারীদের অবমাননাকর। দিল্লি হাইকোর্ট নির্দেশ দেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবসহ সমস্ত শেয়ারিং প্ল্যাটফর্ম থেকে সেই গানগুলোর বিতর্কিত অংশ অনতিবিলম্বে সরিয়ে ফেলতে হবে।
জা. অর্থনীতি/এআর