ঢাকায় ২ ঘণ্টার বিরতিতে ফিফা সভাপতি ইনফান্তিনো, সৌজন্য সাক্ষাৎ তাবিথের

স্পোর্টস ডেস্ক: মরক্কো থেকে ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। রোববার (১৮ অক্টোবর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুটবলের সর্বোচ্চ এই অভিভাবককে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল ও চার সহসভাপতি।

অফিসিয়াল সফর না হলেও ট্রানজিটের এই ২ ঘণ্টায় বাফুফে কর্তাদের সঙ্গে চমৎকার সময় কাটান ইনফান্তিনো। বিমানবন্দর মিলনায়তনে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে কুশল বিনিময়ের পাশাপাশি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফুটবলাঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

image

অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে মরক্কো গিয়েছিলেন ফিফা প্রধান। সেখান থেকে ভুটান যাওয়ার পথে ঢাকায় ক্ষণিকের এই অবস্থান। যাত্রাবিরতি শেষে তিনি ভুটানের উদ্দেশ্যে রওনা হন।

স্বল্প সময়ের সাক্ষাৎ হলেও ফিফা সভাপতির এই উষ্ণ উপস্থিতি বাংলাদেশের ফুটবল অঙ্গনে এক ইতিবাচক আবহের সৃষ্টি করেছে।

জা. অর্থনীতি/এআর