অর্থবছরের প্রথম ৩ মাসে এডিপি বাস্তবায়ন ৩.৮৯%, পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন

নিজস্ব প্রতিবেদক: চলতি (২০২৬-২৭) অর্থবছরের প্রথম ৩ মাসে (জুলাই-সেপ্টেম্বর) সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হয়েছে মাত্র ৩ দশমিক ৮৯ শতাংশ, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এডিপি বাস্তবায়নের হার ছিল ৫ দশমিক শূন্য ৯ শতাংশ।

রোববার (২৫ অক্টোবর) এডিপির হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করে পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)।

তাতে দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম ৩ মাসে এডিপির বরাদ্দ থেকে ব্যয় হয়েছে ১২ হাজার ১৭ কোটি ৫৪ লাখ টাকা। আগের অর্থবছরের একই সময়ে ব্যয় হয়েছিল ১২ হাজার ১৫৮ কোটি ২৭ লাখ টাকা। ২০২৪-২৫ অর্থবছরে বাস্তবায়ন ৪ দশমিক ৭৫ শতাংশ, যা টাকার অঙ্কে ১৩ হাজার ২১৫ কোটি ৩০ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরে বাস্তবায়ন ৭ দশমিক ৫০ শতাংশ এবং ২০২২-২৩ অর্থবছরে বাস্তবায়ন ৮ দশমিক ৫৫ শতাংশ।

আইএমইডির প্রতিবেদন অনুযায়ী, শুধুমাত্র সেপ্টেম্বর মাসে এডিপিতে বাস্তবায়ন হয়েছে ২ দশশমিক শূন্য ৪ শতাংশ, যা টাকার অঙ্কে ৬ হাজার ৩০৭ কোটি ৮৪ লাখ টাকা। এর আগের অর্থবছরের এই মাসে বাস্তবায়ন হয় ২ দশমিক ৭০ শতাংশ, যা ৬ হাজার ৪৪৩ কোটি টাকা।

আইএমইডি জানিয়েছে, চলতি অর্থবছরে উন্নয়ন বাজেটে মোট ১ হাজার ১৫৩টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সংস্থার নিজস্ব অর্থায়নসহ এডিপিতে ব্যয়ের বরাদ্দ ধরা হয়েছে ৩ লাখ ৮ হাজার ৯২৪ কোটি ৮৬ লাখ টাকা। এর মধ্যে সরকারের অর্থায়ন ১ লাখ ৯০ হাজার কোটি টাকা, প্রকল্পে বৈদেশিক ঋণ ১ লাখ ১০ হাজার কোটি এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৮ হাজার ৯২৫ কোটি টাকা।

আইএমইডির তথ্যমতে, এডিপিতে সরকারি তহবিল ১ লাখ ৯০ হাজার কোটি টাকার বরাদ্দের বিপরীতে জুলাই-সেপ্টেম্বরে ব্যয় হয়েছে ৮ হাজার ৫৮ কোটি টাকা বা বরাদ্দের ৪ দশমিক ২৪ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে সরকারি তহবিল থেকে ব্যয় হয়েছিল ৬ হাজার ৩০৭ কোটি টাকা বা ৪ দশমিক ৩৮ শতাংশ। বৈদেশিক ঋণ ও অনুদান খাতে ১ লাখ ১০ হাজার কোটি টাকার বিপরীতে ব্যয় ৩ হাজার ৪৪২ কোটি টাকা বা বরাদ্দের ৩ দশশকি ১৩ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে এ খাতে ব্যয় হয়েছিল ৫ হাজার ৭৪ কোটি টাকা বা ৫ দশকি ৯০ শতাংশ। সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে ব্যয় হয়েছে ৫১৮ কোটি টাকা, যা এ খাতে বরাদ্দের ৫ দশমিক ৮০ শতাংশ।

—জা.অর্থনীতি/আইবিএম