জাতীয় অর্থনীতি বিনোদন: চিত্রনায়ক জয় চৌধুরীর একটি বিতর্কিত সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তাকে নিয়ে বেশ কৌতুক ও কটাক্ষ করেছেন অভিনেতা ইয়াশ রোহান। জয়ের আত্মবিশ্বাসী মন্তব্যকে ব্যঙ্গ করে ইয়াশ সামাজিক মাধ্যমে লিখেছেন, আন্তর্জাতিক অঙ্গনে অস্কারের জন্য ‘রইদ’-এর পরিবর্তে জয় চৌধুরী ও অপু বিশ্বাস অভিনীত ‘স্নেহের বন্ধন’ সিনেমাটি পাঠানো উচিত!
সম্প্রতি মুক্তি পাওয়া ‘স্নেহের বন্ধন’ সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ হওয়ার পর জয় চৌধুরীর একটি সাক্ষাৎকার বেশ ভাইরাল হয়। ওই সাক্ষাৎকারে জয়কে আত্মবিশ্বাসী সুরে বলতে শোনা যায়, তিনি নিজে যেভাবে হোক চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে নেতৃত্ব দিচ্ছেন এবং কে কী বলল তাতে তার কিছু যায় আসে না। জয় চৌধুরীর এমন মন্তব্য নিয়ে ঢালিউড পাড়ায় চলছে নানা আলোচনা-সমালোচনা।
ইয়াশের সেই পোস্টের কমেন্ট বক্সে জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া মন্তব্য করেন, এই আত্মবিশ্বাস এখন ‘জায়েদ খান লেভেল’ ছাড়িয়ে গেছে। কামরুজ্জামান পরিচালিত পারিবারিক গল্পের এই সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হলেও জয়ের আত্মবিশ্বাসী বক্তব্য ও সহকর্মীদের ঠাট্টা-তামাশা এখন নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
জা. অর্থনীতি/এআর
